রাশিয়া থেকে আমদানীকৃত অ্যালুমিনিয়ামের ওপর ব্যাপক মাত্রায় শুল্কারোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এমনটি ঘটলে রাশিয়া সেখানে নিকেল, প্যালাডিয়ামসহ প্রধান প্রধান ধাতব পণ্য রফতানি সীমিত করতে পারে। খাতসংশ্লিষ্ট বিশ্লেষকরা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন।
রাশিয়া থেকে খুব স্বল্প পরিমাণ অ্যালুমিনিয়াম আমদানি করে যুক্তরাষ্ট্র। তবে দেশটির মহাকাশসংক্রান্ত শিল্প খাত ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি উৎপাদন খাতে রাশিয়ান নিকেলের ভূমিকা ব্যাপক। এছাড়া ডিজেলচালিত গাড়ির অটোক্যাটালিস্টস তৈরিতে প্যালাডিয়ামও গুরুত্বপূর্ণ।
পরিসংখ্যান সেবাদাতা প্রতিষ্ঠান ট্রেড ডাটা মনিটর (টিডিএম) জানায়, গত বছর যুক্তরাষ্ট্র ৯২ হাজার ৬২৪ টন নিকেল আমদানি করেছে। এর মধ্যে ১১ শতাংশই এসেছে রাশিয়া থেকে। এছাড়া মোট প্যালাডিয়াম আমদানির ৩৫ শতাংশ সরবরাহ করেছে রাশিয়া। দেশটি থেকে আমদানি করা হয়েছে ২০ টন।
ইউক্রেনে চলমান সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর অব্যাহত চাপ তৈরির লক্ষ্যে দেশটি থেকে আমদানীকৃত অ্যালুমিনিয়ামের ওপর ২০০ শতাংশ শুল্কারোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রাশিয়ায় অ্যালুমিনিয়াম উৎপাদন করে রুসাল। ধাতুটির বৈশ্বিক সরবরাহের ৬ শতাংশই আসে কোম্পানিটি থেকে।
লন্ডনভিত্তিক বিনিয়োগ ব্যাংক লিবেরামের বিশ্লেষক টন প্রাইস বলেন, ‘এ বাণিজ্যপ্রবাহকে বাধাগ্রস্ত করার মাধ্যমে কার্যত কোনো সুফল মিলবে না। যদি এ ধরনের শুল্কারোপ করা হয় তবে রাশিয়ার পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া আসবে। এমনকি যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ধাতব পণ্যগুলোর সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া। এ ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাত তৈরি করবে।’
বিশ্লেষক প্রতিষ্ঠানগুলো বলছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাশিয়া দেশটিতে নিকেল ও প্যালাডিয়াম রফতানি বন্ধ করে দেয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
ট্রেড ডাটা মনিটরের দেয়া তথ্য বলছে, যুক্তরাষ্ট্র গত বছর সব মিলিয়ে ৪৪ লাখ টন অগঠিত অ্যালুমিনিয়াম ও অ্যালয় আমদানি করেছে। এর মধ্যে রাশিয়া থেকে এসেছে ১ লাখ ৯১ হাজার ৮০৯ টন, যা মোট আমদানির ৪ দশমিক ৪ শতাংশ। ২০১৭ সালে মোট আমদানি ১৪ দশমিক ৬ শতাংশ এবং ২০১৮ সালে ৮ দশমিক ৯ শতাংশ এসেছিল রাশিয়া থেকে।
তবে অস্ট্রেলিয়াভিত্তিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ম্যাকোয়ারের বিশ্লেষকরা মনে করছেন, স্বতন্ত্র এ শুল্ক বাজারে খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে না। কারণ যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে এমনিতেই আমদানি কমিয়ে দিয়েছে।










