চলতি বছরের প্রথম নয় মাসে ভিয়েতনামের প্রাক্কলিত কফি রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ টনে, যা ২ কোটি ১৭ লাখ ব্যাগের (প্রতি ব্যাগে ৬০ কেজি) সমান। সম্প্রতি ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিসটিকস অফিস (জিএসও) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভিয়েতনাম বিশ্বের অন্যতম শীর্ষ রফতানিকারক দেশ। আর রোবাস্তা কফি রফতানিতে দেশটির অবস্থান প্রথম। জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রাক্কলিত কফি রফতানি আয় দাঁড়িয়েছে ৩১০ কোটি ডলারে। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৩৭ দশমিক ৬ শতাংশ। চলতি মাসে দেশটির প্রাক্কলিত কফি রফতানির পরিমাণ ধরা হয়েছে ১ লাখ টন। এসব কফি রফতানি থেকে আয়ের পরিমাণ ধরা হয়েছে ২৪ কোটি ডলার।

এদিকে ভিয়েতনামে কফি বিন উৎপাদন ব্যাপক হারে কমেছে। রফতানি বাড়ার কারণে মজুদও নিম্নমুখী। এ কারণে পানীয় পণ্যটির বৈশ্বিক বাজারদর আরো বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।