চাহিদা বাড়ায় দুবাইয়ের আবাসন খাতে মূল্য বেড়েছে। বার্ষিক ভিত্তিতে গড় মূল্য বেড়েছে ১৬ দশমিক ৯ শতাংশ। চলতি বছরের মে মাসে বৃদ্ধির পরিমাণ ছিল ১৫ দশমিক ৯ শতাংশ। এ মূল্যবৃদ্ধি ২০১৪ সালের পর সর্বোচ্চে। সম্প্রতি সিবিআরই প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। খবর দ্য ন্যাশনাল।

অ্যাপার্টমেন্টের গড় মূল্য জুনে ছিল প্রতি স্কয়ার ফুট ১ হাজার ২৯৪ দিরহাম বা ৩৫২ ডলার ৬০ সেন্ট, যা আগের চেয়ে ১৭ শতাংশ বেশি। একই সময়ে ভিলার মূল্য বেড়েছে ১৫ শতাংশ। চলতি বছরের জুনে প্রতি বর্গফুটের দাম ছিল ১ হাজার ৫২৫ দিরহাম। যদিও অ্যাপার্টমেন্ট বিক্রির গড় হার এখনো ২০১৪ সালের তুলনায় ১৩ শতাংশ কম। কিছু ক্ষেত্রে অতিক্রম করে গেছে শীর্ষসীমা। গড় ভিলা বিক্রি বর্তমানে ২০১৪ সালের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেশি।

সংযুক্ত আরব আমিরাতে জুনে সম্পত্তি খাতে মোট লেনদেন ছিল ৯ হাজার ৮৯৬টি। বার্ষিক ১৯ শতাংশ বেড়েছে লেনদেন। একই সময়ে অফ-প্ল্যান লেনদেন বেড়েছে ৪৫ শতাংশ। যদিও সেকেন্ডারি মার্কেটে লেনদেন জুনে শিথিল হয়েছে। বছরের প্রথম ছয় মাসে আমিরাতে ৫৭ হাজার ৭৩৭টি চুক্তির ঘটনা ঘটেছে কেবল সম্পত্তির খাতে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সিবিআরইর মেনা অঞ্চলের প্রধান তৈমুর খান দাবি করেছেন, কয়েক মাসে দুবাইয়ের আবাসন খাতে মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে। খাতটিতে চাহিদা ও কার্যক্রম বেড়ে যাওয়ায় প্রভাবিত হয়েছে মূল্যতালিকা। বছরের মধ্যভাগে এসে খাতটিতে সর্বমোট লেনদেনের পরিমাণ যেকোনো সময়ের চেয়ে শীর্ষস্থানে।

দুবাইয়ের অর্থনীতি ২০২২ সালের প্রথম নয় মাসে বার্ষিক হিসাবে বেড়েছিল ৪ দশমিক ৬ শতাংশ। পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পাইকারি ও খুচরা বিক্রয়। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি চলতি বছর ৩ দশমিক ৫ শতাংশ বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। দুবাইয়ের স্থাবর সম্পত্তির বাজার মহামারী-পরবর্তী সময়ে নতুন করে গতি লাভ করেছে। সরকারের আবাসনসংক্রান্ত গৃহীত নীতিমালা ইতিবাচক ভূমিকা পালন করেছে। আমিরাত ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসার সম্প্রসারণ করেছে।

২০২২ সালে সারা বছরে যে পরিমাণ বাসা বিক্রি হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসেই তা অতিক্রম করে গেছে। ডাউনটাউন দুবাইতে বিক্রির হার ছিল সবচেয়ে বেশি, সেখানে প্রতি বর্গফুট জায়গা বিক্রি হয়েছে ২ হাজার ৪৪০ দিরহামে। একইভাবে পাম জুমেইরায় ভিলার ক্ষেত্রে প্রতি বর্গফুটের সর্বোচ্চ মূল্য ছিল ৪ হাজার ৮৪৫ দিরহাম। বাসা ভাড়ার ক্ষেত্রে চলতি বছরে গড় ভাড়া বেড়েছে ২২ দশমিক ৮ শতাংশ, যা গত বছরের তুলনায় কম। গত মাসে ভাড়া বেড়েছিল ২৪ দশমিক ২ শতাংশ।