লোহিত সাগর উপকূলের জেদ্দা ইয়ট ক্লাবে নির্মিত হচ্ছে সৌদি আরবের প্রথম সামুদ্রিক ফুয়েলিং স্টেশন ‘আরামকো মেরিনা’। দেশটির উঠতি পর্যটন খাতে স্থাপনাটি হতে যাচ্ছে নতুন আকর্ষণ। রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি আরামকোর অর্থায়নে নির্মিত এ স্টেশন থেকে বার্ষিক ৬ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে থাকছে ডিজেল ও গ্যাসোলিন। এ বিষয়ে সৌদি আরামকোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইয়াসির মুফতি জানান, ব্যবসা ও অর্থনীতির প্রবৃদ্ধি এবং বৈচিত্র্যকরণের প্রচেষ্টার সঙ্গে তাল মিলিয়ে বিনিয়োগ করছে সংস্থাটি। সৌদি আরবে নতুন নতুন আধুনিক পরিষেবা উন্মুক্ত করতে চায় আরামকো। সৌদি আরবের প্রথম লাক্সারি মেরিনা হলো জেদ্দা ইয়েট ক্লাব। এখানকার ডকে ১২০ মিটার দৈর্ঘ্যের ইয়ট ভেড়ানো যায়। এছাড়া রয়েছে অবসর কাটানোর অনেক উপকরণ। বিলাসবহুল রেস্টুরেন্ট থেকে বসে দেখা যায় সমুদ্রের উন্মুক্ত সৌন্দর্য। সম্প্রতি পর্যটন খাতে বিপুল বিনিয়োগ হচ্ছে সৌদি আরবে। এর আওতায় নির্মিত হয়েছে নিওমের মতো পরিকল্পিত শহর। চলতি সপ্তাহে আরামকোর দেয়া বিবৃতি থেকে জানা যায়, গত বছর প্রতিষ্ঠানটি ১২১ বিলিয়ন বা ১২ হাজার ১০০ কোটি ডলার মুনাফা করেছে। এর আগে ২০২২ সালে এ কোম্পানির মুনাফার পরিমাণ ছিল ১৬ হাজার ১০০ কোটি ডলার। তবে মুনাফা কমলেও ২০২৩ সালে লভ্যাংশের পরিমাণ ছিল বেশি। বিবৃতিতে আরো জানানো হয়, চলতি বছর আরামকো জ্বালানি তেল-বহির্ভূত খাতে বিনিয়োগ বাড়াবে। এরই মধ্যে রয়েছে ‘আরামকো মেরিনা’। খবর অ্যারাবিয়ান বিজনেস