চলমান অর্থবছরের শেষ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পণ্য ও পরিষেবা খাতের ভারসাম্যের বদৌলতে ১২০ কোটি ডলার বাণিজ্য উদ্বৃত্ত প্রত্যাশা করছে কানাডা। এ বাণিজ্য ভারসাম্যের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছে জ্বালানি তেল রফতানি। সম্প্রতি এক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দেশটির পরিসংখ্যান সংস্থা। খবর আনাদোলু এজেন্সি।
এর আগে অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে বাণিজ্য ঘাটতির মুখে পড়ে কানাডা। চতুর্থ প্রান্তিকে সেই ঘাটতি কাটিয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। এ সময়ে পণ্য ও পরিষেবা রফতানি ও আমদানি উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি দেখা যাচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। গত বছরের তৃতীয় প্রান্তিকে কানাডায় রেকর্ড ২০০ কোটি ডলার বাণিজ্য ঘাটতি দেখা যায়। কিন্তু পরের প্রান্তিকের পূর্বাভাসে বলা হচ্ছে, বাণিজ্য বাড়বে প্রায় ৩২০ কোটি ডলারের।
কানাডার পরিসংখ্যান সংস্থা বিবৃতিতে জানিয়েছে, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে পণ্য রফতানি ১৯৫ কোটি থেকে বেড়ে ২৯০ কোটি ডলার হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, চলমান প্রান্তিকে রফতানি বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখছে জ্বালানিপণ্য। এ খাতে ৫৩০ কোটি ডলার আয়ের মধ্যে সবচেয়ে বেশি হিস্যা রয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের।
অন্যান্য খাতেও ভালো ফলাফল পাওয়া গেছে বলে জানানো হয় প্রতিবেদনে। চতুর্থ প্রান্তিকে পরিষেবা খাতের ঘাটতিও কমে এসেছে। আগের প্রান্তিক থেকে ঘাটতি ৬০ কোটি ডলার কমে ১৮০ কোটি ডলার হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিনিয়োগ খাতে আগের প্রান্তিকে ঘাটতি থাকলেও চতুর্থ প্রান্তিকে কিছুটা উন্নতি হয়েছে। এ সময় উদ্বৃত্ত হয়েছে ১১ কোটি ২০ লাখ ডলারের।










