যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম বেড়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ১৪ বছরের সর্বোচ্চে পৌঁছেছে মূল্যস্ফীতি। ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম (বিআরসি) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কনসোর্টিয়ামের দেয়া তথ্যমতে, গত মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। আগের মাসের তুলনায় বেড়েছে ৭ শতাংশ। ২০০৮ সালের পর এটিই সর্বোচ্চ খাদ্যপণ্য মূল্যস্ফীতি।
এক বিবৃতিতে কনসোর্টিয়ামের সিইও হেলেন ডিকিনসন বলেন, ব্যয়ের ঊর্ধ্বমুখী চাপ এবং সরবরাহ চেইনে নিম্নমুখিতার অর্থ হলো আগস্টে দোকানপাটগুলোয় মূল্যস্ফীতি নতুন রেকর্ড গড়েছে। ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পশুখাদ্য, সার, গম ও ভোজ্যতেলের অব্যাহত মূল্যবৃদ্ধি যুক্তরাজ্যে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে।
তিনি আরো বলেন, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে ২০০৮ সালের পর সর্বোচ্চে পৌঁছেছে। দুধ, মাখন ও চিপসের দাম বেড়েছে সর্বাধিক। কিছু বিশ্লেষক বলছেন, আগামী বছর যুক্তরাজ্যে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আরো বেড়ে ১৮ শতাংশে উন্নীত হতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, মূল্যস্ফীতি বাড়ার সঙ্গে সঙ্গে কেনাকাটায় সচেতন হচ্ছেন ক্রেতারা। তাই সাম্প্রতিক মাসগুলোয় সুপারমার্কেটগুলোর বিক্রি লক্ষণীয় মাত্রায় কমেছে। এ মাত্রার মূলস্ফীতি থাকবে আগামী ছয় মাস পর্যন্ত। তবে সরবরাহ চেইনে উৎপাদন ব্যয়ের চাপ আগের তুলনায় অনেকখানি কমবে।










