জিরো সিরিজ নামে বিদ্যুচ্চালিত গাড়ির একটি নতুন লাইনআপ চালু করছে হোন্ডা। জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান লাস ভেগাসে কনজিউমার ইলেকট্রনিকস শোয়ে (সিইএস) তাদের দুটি বিদ্যুচ্চালিত কনসেপ্ট গাড়ির ‘ফার্স্ট লুক’ প্রকাশ করে। এর মাধ্যমে হোন্ডার আসন্ন বিদ্যুচ্চালিত গাড়িগুলো (ইভি) কেমন হবে সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা দিয়েছে প্রতিষ্ঠানটি। হোন্ডা জানিয়েছে, নতুন বিদ্যুচ্চালিত গাড়ির প্রথম মডেল হোন্ডা জিরো সিরিজের নির্মাণকাজ আগামী ২০২৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ মডেলগুলোয় হোন্ডার নতুন এইচ লোগোটি ব্যবহার করা হবে। গত বছর হোন্ডা নতুন বিদ্যুচ্চালিত গাড়ি বিকাশের জন্য ৪ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা কথা জানিয়েছিল। হোন্ডার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী ৩০টি বিদ্যুচ্চালিত গাড়ির মডেল বাজারে আনা। এছাড়া ২০৪০ সালের মধ্যে প্রধান গাড়ির বাজারগুলোয় শুধু শূন্য কার্বন নির্গমনকারী গাড়ি বিক্রির ইচ্ছার কথাও জানিয়েছে হোন্ডা। হোন্ডা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রির দিক দিয়ে পিছিয়ে রয়েছে। কারণ এখন পর্যন্ত সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ির কোনো মডেল নেই তাদের। তবে জেনারেল মোটরসের সঙ্গে তৈরি একটি বিদ্যুচ্চালিত এসইউভি মডেল রয়েছে কোম্পানিটির, যা চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে হুন্দাই, কিয়া, ফোর্ড ও জিএমের মতো গাড়ি নির্মাতারা এরই মধ্যে বাজারে বেশ কয়েকটি বিদ্যুচ্চালিত গাড়ির মডেল এনেছে। সিএনএন
বিদ্যুচ্চালিত নতুন গাড়ির সিরিজ উন্মোচন করল হোন্ডা
জিরো সিরিজ নামে বিদ্যুচ্চালিত গাড়ির একটি নতুন লাইনআপ চালু করছে হোন্ডা।










