সাম্প্রতিক সময়ে আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৫ টাকা ৩০ পয়সা। এরপর ২০ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৪২ টাকা ৬০ পয়সায়। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪০ পয়সায়। 

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আনলিমা ইয়ার্ন ডায়িংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৩৬ পয়সায়। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৪২ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৩৪ পয়সায়।