ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। ইউসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দ হাসনাইন মামুন সবাইকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, ‘আজকের এ আয়োজন নারী উন্নয়ন, ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে আমাদের নারী সহকর্মীদের অসামান্য অবদানকে সম্মান জানানোর অনুষ্ঠান।’

অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ তার বক্তব্যে নারী কর্মীদের কর্মনিষ্ঠার প্রশংসা করেন। পাশাপাশি দেশের ব্যাংক খাতের উন্নয়নে নারীদের সমান অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এসএমই খাতের নারী উদ্যোক্তাদের অদম্য সাহসিকতার গল্প তুলে ধরা হয়। এ সময় নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল দুই নারী উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন।

সম্মাননা পাওয়া উদ্যোক্তা ও ফ্যাশন প্যালেসের স্বত্বাধিকারী লতা কুণ্ডু, ১৯৯৯ সালে গাউসিয়া মার্কেটকে কেন্দ্র করে নারীদের থ্রিপিস ও তৈরি পোশাকের ব্যবসা চালু করেন। শুরুতে নানা সীমাবদ্ধতা, পুঁজি সংকট এবং সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে ধীরে ধীরে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। বর্তমানে প্রতিষ্ঠানটি চারটি শোরুম নিয়ে একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। অন্যদিকে সম্মাননা পাওয়া আরেক উদ্যোক্তা মানবী বুটিকের স্বত্বাধিকারী সাইয়েদা সোনিয়া পিংকি। তিনি ২০০৯ সালে নারীদের বুটিক পোশাক তৈরির ব্যবসা শুরু করেন। প্রথমে ছোট পরিসরে কাজ শুরু করলেও নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে ধীরে ধীরে তিনি তার প্রতিষ্ঠানকে একটি পরিচিত নাম হিসেবে গড়ে তুলেছেন।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ইউসিবির নারী কর্মীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি এবং নিজেদের কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময়। এ পর্বের মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের বিভিন্ন চ্যালেঞ্জ ও সাফল্যের গল্পগুলো উঠে আসে।

অনুষ্ঠানের শেষাংশে ইউসিবির ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে নারী কর্মীদের একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।