প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিলে চলতি মৌসুমে সয়াবিনের আবাদ রেকর্ড পরিমাণ কমেছে। কৃষি ব্যবসাসংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান এজিরুরাল জানিয়েছে, লাতিন আমেরিকার দেশটিতে ২০২৩-২৪ মৌসুমে এখন পর্যন্ত ৭৪ শতাংশ জমিতে সয়াবিন আবাদ হয়েছে, যা আট বছরের মধ্যে সর্বনিম্ন। খবর বিজনেস রেকর্ডার।

ব্রাজিলে সয়াবিনের বীজ বপন আগের সপ্তাহের তুলনায় ৬ শতাংশ পয়েন্ট বেড়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় আবাদের পরিমাণ এখনো যথেষ্ট কম। গত বছর এ সময়ের মধ্যে ৮৭ শতাংশ জমি আবাদ করেছিলেন ব্রাজিলের কৃষকরা, বর্তমানে যা ২০১৫-১৬ মৌসুমের পরে সর্বনিম্নে।

এক বিবৃতিতে এজিরুরাল জানান, গত সপ্তাহে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে দো সুলে অতিরিক্ত আর্দ্রতার কারণে আবাদের অগ্রগতি সীমিত ছিল। বিশ্বের বৃহত্তম সয়াবিন উৎপাদক ও রফতানিকারক দেশটির মধ্য-উত্তরাঞ্চলে কম আর্দ্রতা ও উচ্চ তাপমাত্রার সঙ্গে কৃষকদের সংগ্রাম করতে হচ্ছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো অতিরিক্ত বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে।