দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর প্রথমবারের মতো রাশিয়ান গম আমদানির অনুমোদন দিয়েছে আলজেরিয়া সরকার। ফলে আবারো আলজেরিয়ায় গম রফতানি শুরু করেছে রাশিয়া। খবর আরটি।

আলজেরিয়া বিশ্বের ষষ্ঠ বৃহৎ গম আমদানিকারক দেশ। গত বছরের অক্টোবর পর্যন্তও দেশটির গমের বাজারে রাশিয়ান উৎপাদকদের প্রবেশাধিকার ছিল না। তবে অক্টোবরের পর খাদ্যশস্য আমদানির ওপর আরোপিত স্বাস্থ্য সুরক্ষাগত নানা শর্ত শিথিল করায় জটিলতা দূর হয়। এটি কৃষ্ণ সাগরীয় অঞ্চলের উচ্চ প্রোটিনসমৃদ্ধ গম আমদানি সহজ করে তোলে।

বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশ রাশিয়া। আলজেরিয়া শর্ত শিথিল করার পর থেকেই দেশটিতে গম রফতানি শুরু করতে উদ্যোগী হয় রাশিয়া। এরই ধারাবাহিকতায় উত্তর আফ্রিকার দেশটির উদ্দেশে ৩০ হাজার টন গমের প্রথম চালান পাঠানো হয়েছে।

রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সুপারভিশন জানায়, সম্প্রতি কৃষ্ণ সাগরের টামান বন্দরে দ্বিতীয় কার্গোতে গম বোঝাই করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই কার্গোটি আলজেরিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। চলতি মাসে ৬০ হাজার টন গমসহ মোট দুটি জাহাজ আলজেরিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির খাতসংশ্লিষ্টরা। রাশিয়ার কৃষিনিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা জানায়, আলজেরিয়ায় ৭০ লাখ টনেরও বেশি গম রফতানির সম্ভাবনা রয়েছে।