বিশ্ববাজারে প্রত্যাশার তুলনায় সরবরাহ কম হওয়ায় ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে অ্যালুমিনিয়ামের দাম টনপ্রতি ২ হাজার ২৮০ ডলারে উন্নীত হবে বলে মনে করছে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। এর আগে প্রতিষ্ঠানটি এ সময়ের জন্য অ্যালুমিনিয়ামের দাম ২ হাজার ১৪০ ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছিল। খবর হেলেনিক শিপিং নিউজ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলমান বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার প্রভাব যেমনটা ভাবা হয়েছিল তেমনটা হয়নি। ফলে ২০২৫ সালের জন্য গত বছরের তুলনায় অ্যালুমিনিয়ামের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৮ শতাংশ করা হয়েছে।

তবে ২০২৬ সালের শুরুতেই পণ্যটির মূল্যপতনের সম্ভাবনার কথা জানিয়েছে গোল্ডম্যান স্যাকস। তাদের পূর্বাভাস অনুযায়ী, ওই সময়ে অ্যালুমিনিয়ামের দাম কমে ২ হাজার ১০০ ডলারে নামতে পারে এবং ২০২৬ সালের গড় দাম হবে ২ হাজার ২৩০ ডলার। ২০২৭ সালে গড় দাম ২ হাজার ৫০০ ডলার হতে পারে, যা আগের ২ হাজার ৮০০ ডলারের পূর্বাভাস থেকে অনেকটাই কম।

উৎপাদন বেড়ে যাওয়ায় এ সময় দরপতনের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, ইন্দোনেশিয়ায় তিনটি বড় অ্যালুমিনিয়াম কারখানা ২০২৬ সালের মাঝামাঝি সময়ে চালু হতে পারে। প্রতিটি কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ১৫ লাখ টন। এতে ২০২৬ সালে ১০ লাখ টনের মতো অতিরিক্ত সরবরাহ তৈরি হতে পারে যা ২০২০ সালের পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আমদানি করা অ্যালুমিনিয়ামের শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দেন। বর্তমানে দেশটির পরিবহন, নির্মাণ ও প্যাকেজিং খাতে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের প্রায় অর্ধেকই আমদানি করা।

প্রতিষ্ঠানটি ২০২৬ সালের চাহিদা পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে। তবে সম্প্রতি নীতিগত পরিবর্তনের কারণে চীনে সৌরবিদ্যুৎ স্থাপনায় ধীরগতির কারণে ২০২৭ সালের পূর্বাভাস হ্রাস করেছে।