ব্যবহৃত গাড়ি বিক্রি চলতি বছরে ২০ শতাংশ বাড়াতে চায় জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানি মার্সিডিজ-বেঞ্জ। ব্যবহৃত গাড়ি সংগ্রহ করা কঠিন হলেও লক্ষ্য নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা। খবর দি ইকোনমিক টাইম।
মার্সিডিজ-বেঞ্জের ভারতীয় শাখা গত বছর তিন হাজার ব্যবহৃত গাড়ি বিক্রি করেছে। বর্তমানে চাহিদা বেড়েছে গাড়িগুলোর। এ ধরনের গাড়িগুলো আগে ৩০-৪৫ দিনের মধ্যে বিক্রি হতো, চাহিদা বাড়ার পর সে সময়সীমা কমে ১০ দিনে নেমেছে। মার্সিডিজ-বেঞ্জ ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সন্তোষ আইয়ার বলেন, ‘নতুন ঘোষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সামগ্রিক বিক্রির ১৮-২০ শতাংশ হবে ব্যবহৃত গাড়ি থেকে। আমরা গত বছর ১৬ হাজার গাড়ি বিক্রি করে থাকলে তিন হাজার বা তার বেশি গাড়ি ছিল ব্যবহৃত।’"ব্যবহৃত গাড়ির ব্যবসার হিস্যা চলতি বছরেও ২০ শতাংশে থাকবে বলে জানান আইয়ার। যদিও মনে করেন, পর্যাপ্ত চালান নিশ্চিত করাটাই হবে এ লক্ষ্য পূরণে বড় চ্যালেঞ্জ।
ব্যবহৃত গাড়ির বাজারে বেচাকেনা নতুন গাড়ি বাজারের ওপরও নির্ভর করে। নতুন গাড়ি বাজার তিন-ছয় মাস পর্যন্ত থেকে যাওয়ায় ব্যবহৃত গাড়ি পাওয়াটাই বড় চ্যালেঞ্জ। এখন আর ক্রেতারা মার্সিডিজ-বেঞ্জ হাতছাড়া করে বাজারের অধিক প্রচলিত গাড়ি চালাতে চান না। পাশাপাশি ব্যবহৃত গাড়ির ক্রেতারা নিজেদের পরিচিত বৃত্তের মধ্যেই গাড়ি বেচাকেনা করতে চান। নিজেদের মধ্যে লেনদেন হলে কোম্পানির কোনো অংশগ্রহণ থাকে না। কোম্পানিটি জানিয়েছে, ব্যবহৃত গাড়ির বাজারের ৬০ শতাংশ ঘটে আমাদের বড় নগরীগুলোয়। ছোট নগরীগুলোয়ও ক্রমেই চাহিদা বাড়ছে, যা কোম্পানির জন্য আশাব্যঞ্জক। ২০২৩-এর প্রথম প্রান্তিকে মার্সিডিজ-বেঞ্জের ইন্ডিয়া শাখায় ৪ হাজার ৬৯৭টি গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। ২০২২ সালে কোম্পানিটি ১৫ হাজার ৮২২টি গাড়ি বিক্রি করেছিল।










