এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা পাওয়া ৫৩ জন উদ্যোক্তার মধ্য থেকে নির্বাচিত কয়েকজন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজেদের উদ্যোক্তা হয়ে ওঠার অনুপ্রেরণামূলক গল্প, ব্যবসার অগ্রযাত্রা এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার অভিজ্ঞতা তুলে ধরেন। ইবিএল গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে নারী-নেতৃত্বাধীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সাফল্যের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ক্রমবর্ধমান অবদানের বিষয়টি তুলে ধরা হয়। এ আয়োজনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইবিএল।
অনুষ্ঠানে ইবিএল কর্মকর্তারা উদ্যোক্তাদের নিষ্ঠা, অধ্যবসায় এবং আর্থিক শৃঙ্খলার প্রশংসা করেন। তারা বলেন, নারী উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
অনুষ্ঠানে ইবিএলের হেড অব অ্যাসেট মোহাম্মদ সালেকিন ইব্রাহিম, হেড অব এসএমই বিজনেস মো. শাবু মুনশি ও হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হকসহ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










