কয়েকটি বড় চীনা ঋণদাতাদের গোল্ডম্যান ‘বিক্রয়’ রেটিংয়ে নামিয়ে দেয়ার সমালোচনা করেছে রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা সিকিউরিটিজ টাইমস। বিষয়টিকে ব্যাংক খাতের জন্য উদ্বেগপূর্ণ আখ্যা দিয়ে সংবাদপত্রটি বলেছে, অনুমানের ওপর ভিত্তি করে চীনা ব্যাংকগুলোর মৌলিক বিষয়গুলো নিয়ে মাথা ঘামানো ঠিক নয়। এটা অনেকাংশেই এক ধরনের ভুল ব্যাখ্যা । খবর রয়টার্স।
গোল্ডম্যান তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, তারা এগ্রিকালচারাল ব্যাংক অব চায়নাকে (এজিব্যাংক) ‘নিরপেক্ষ’ থেকে ‘বিক্রয়’-তে নামিয়ে এনেছে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) ও ইন্ডাস্ট্রিয়াল ব্যাংককে ‘ক্রয়’ থেকে ‘বিক্রয়’-তে নামিয়ে আনা হয়েছে।
প্রতিবেদন প্রকাশের পর হংকংয়ের তালিকাভুক্ত চীনা ব্যাংকগুলোর শেয়ারে দরপতন ঘটেছে। গোল্ডম্যান স্যাকসের প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারীরা সতর্ক রয়েছেন চীনা ব্যাংকগুলোর পেছনে স্থানীয় সরকারের ঋণের ঝুঁকি নিয়ে। তবে সিকিউরিটিজ টাইমস জানিয়েছে, চীনা নীতিনির্ধারকরা অবকাঠামোগত বিনিয়োগ বাড়াতে প্রচেষ্টা জোরদার করছেন এবং স্থানীয় সরকারের গোপনে থাকা ঋণ মোকাবেলা চেষ্টা করে যাচ্ছেন। গোল্ডম্যান পত্রিকাটির সম্পাদকীয়তে মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি।










