দক্ষিণ আফ্রিকার দেশ মরক্কোয় সম্প্রতি আঘাত হানে বড় ধরনের ভূমিকম্প। এতে দুই হাজারের অধিক প্রাণহানি ঘটে। ধ্বংস হয় অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা। প্রাকৃতিক দুর্যোগটির ফলে দেশটির যে অর্থনৈতিক ক্ষতি হবে, তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮ শতাংশের সমান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের সর্বশেষ পূর্বাভাসে এমনটি বলা হয়েছে। খবর দ্য ন্যাশনাল নিউজ।
বিশ্বব্যাংকের তথ্যানুসারে, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ হতে পারে অন্তত ১ হাজার ৭০ কোটি ডলার। ২০২২ সালে যেখানে দেশটিতে জিডিপির প্রাক্কলন ছিল ১৩ হাজার ৪১৮ কোটি ডলার। ইউএসজিএস তাদের প্রম্পট অ্যাসেসমেন্ট অব গ্লোবাল আর্থকোয়েকস ফর রেসপন্স (পেজার) সিস্টেমের মাধ্যমে পূর্বাভাস প্রকাশ করে। সেখানে তারা মরক্কোর সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির জন্য একটি রেড অ্যালার্ট সতর্কতা দেখিয়েছে।
ভার্জিনিয়াভিত্তিক সংস্থাটি বলছে, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং বিপর্যয় আরো বিস্তৃত হতে পারে। আনুমানিক অর্থনৈতিক ক্ষতি দেশটির জিডিপির শূন্য থেকে ২ শতাংশ। সংস্থাটির ওয়েবসাইটে দেয়া তথ্যানুসারে, ‘পেজার’ হলো একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা বিভিন্ন দেশ বা অঞ্চলে ভূমিকম্পের ফলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, প্রাণহানির ধরন এবং ভূমিকম্পের প্রভাবগুলো মূল্যায়ন করে।
স্ট্যাটিস্টার তথ্যানুসারে, এর আগে ১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৪ হাজার ৪০০ কোটি ডলার।










