বিশ্বের শীর্ষ তামা সরবরাহকারী চিলি। ব্যবহারিক ধাতুটি উৎপাদনে ফেব্রুয়ারির পর সবচেয়ে খারাপ মাস অতিবাহিত করেছে দেশটি। সেপ্টেম্বরে উৎপাদন কমে সাত মাসের সর্বনিম্নে নেমেছে। কারণ হিসেবে নিম্ন মানের আকরিক ও ভয়াবহ শ্রমিক সংকটকে দায়ী করেছেন বিশ্লেষকরা। চিলির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। খবর মাইনিং উইকলি।

প্রতিষ্ঠানটির তথ্য বলছে, সেপ্টেম্বরে তামা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ কমেছে। এ সময় উৎপাদন করা হয় ৪ লাখ ৫১ হাজার ১২৮ টন তামা। চলতি বছরের আগস্টের তুলনায় উৎপাদন কমেছে ৩ দশমিক ৪ শতাংশ।

তামার বৈশ্বিক উৎপাদনের এক-চতুর্থাংশই আসে চিলি থেকে। দেশটির উৎপাদনে এমন ধস চলমান সংকটকে আরো তীব্র করে তুলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তামার দাম। এমন পরিস্থিতিতে উৎপাদকরা ঘাটতি পোষাতে না পারলে দাম আরো বাড়বে।

চিলির খাতসংশ্লিষ্টরা বলছেন, শ্রমিক অসন্তোষ ও ধর্মঘটের কারণে তামা উৎপাদনে বিপর্যয় নেমে আসে। কিন্তু সম্প্রতি শ্রমিকদের সঙ্গে বসে খুব দ্রুতই এ-সংক্রান্ত সমস্যা সমাধান করা হয়েছে। ফলে উৎপাদন স্বাভাবিক হতে শুরু করে।