দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাইয়ের অধীনে কিয়া ও জেনেসিস ব্র্যান্ড পরিচালিত হয়। বর্তমানে ব্যবসা বাড়াতে কাজ করছে হুন্দাই। এর অংশ হিসেবে উত্তর আমেরিকার কানাডায় দ্বিতীয় কারখানা নির্মাণের কথা ভাবছে কোম্পানিটি, যা উত্তর আমেরিকায় অল-ইলেকট্রিক গাড়ি সরবরাহ জোরদার করবে। খবর ইনসাইড ইভিস।
কানাডিয়ান কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে এক দফা আলোচনাও করেছে কোম্পানিটি। তবে কেবল আলোচনাতেই কারখানা স্থাপনের সিদ্ধান্ত কার্যকর হয়ে যাচ্ছে না। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো থেকে সরকারি কর্মকর্তাদের সঙ্গেও গাড়ি নির্মাতাদের ভবিষ্যৎ উৎপাদন পরিকল্পনার বিষয়ে যোগাযোগ করা হয়েছে।
কানাডা এখন বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যতের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেন গ্লোবাল ভেহিকল ফোরকাস্টিংয়ের ভাইস প্রেসিডেন্ট স্যাম ফিওরানি। কোরিয়ান গাড়ি নির্মাতা কোম্পানিটি কানাডার গাড়ি সরবরাহ করে। ২০২২ সালে কানাডায় হুন্দাই ১ লাখ ৮৬ হাজার ৫৬৬টি গাড়ি বিক্রি করেছে।
যদি হুন্দাই উত্তর আমেরিকার দ্বিতীয় ইভি কারখানার জন্য কানাডাকে বেছে নেয়, তবে এটি হবে দ্বিতীয়বারের মতো কোরিয়ান কোনো ব্র্যান্ডের উত্তর আমেরিকায় উৎপাদন সুবিধা চালুর ঘটনা। হুন্দাই মোটর কোম্পানি আলাবামায় একটি গাড়ির কারখানা পরিচালনা করে। কারখানাটি অভ্যন্তরীণ দহন ইঞ্জিনবিশিষ্ট যানবাহন তৈরি করে।










