গুগল, ইউটিউব, ফেসবুক, উবারসহ বড় বড় বৈশ্বিক অনলাইন কোম্পানি দেশে ভার্চুয়ালি ব্যবসা করে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ওপর করারোপ করা যাচ্ছে না। এদের ওপর আমরা করারোপ করতে পারছি না। গতকাল রাজধানীর বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) কনফারেন্স রুমে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন এনবিআরের সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ। ‘ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৩- ডিউ ডিলিজেন্স বাই দ্য টেক্সপেয়ারস’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে বিল্ড।
প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ বলেন, ‘পূর্বে বিভিন্ন দেশের সঙ্গে ডাবল ট্যাক্সেশনের চুক্তি করা হয়েছে, সেগুলো এখন নতুনভাবে প্রণয়ন করতে হবে। ওই চুক্তির মূল ভিত্তি ছিল স্থায়ী অফিস না থাকলে তাকে আমরা করারোপ করতে পারব না। স্থানীয় অফিস না থাকলে নোটিস পাঠাব কোথায়, ওই প্রতিষ্ঠানকে আমরা টিআইএন-ই দিতে পারব না। এসব চুক্তি নতুনভাবে প্রণয়নে দেশগুলো কতটা সাড়া দেবে তা নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ আছে।’
তিনি বলেন, ‘ডাবল ট্যাক্সেশনে দুটি মডেল অনুসরণ করা হয়। একটি ইউএন মডেল, আরেকটি ওইসিডি মডেল। ওইসিডি মডেলে ভার্চুয়াল পিএকে করারোপ করতে আইনগুলোকে সংশোধন করছে। বিশ্বের বাস্তবতা মেনে আমাদের চলতে হবে এবং ন্যায্য করের হিস্যা মেনে যাতে চলতে পারি, সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সাবেক সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘কোম্পানি আইন এবং কর আইনের মধ্যে যথেষ্ট রকমের ব্যবধান রয়েছে। নতুন কর আইনে ৩০ নভেম্বরের পর সময় বাড়ানোর সুযোগ রাখেনি। কিন্তু কোম্পানি আইন অনুযায়ী, ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। অনেকের সমস্যা থাকতে পারে কিন্তু কোম্পানি আইনের জন্য তাকে তৈরি করতে হচ্ছে। ব্যক্তির ক্ষেত্রে না হোক, কোম্পানির ক্ষেত্রে হলেও এ নিয়ম পুনঃস্থাপন করা উচিত।’
এ সময় ‘ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৩- ডিউ ডিলিজেন্স বাই দ্য টেক্সপেয়ারস’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন বিল্ডের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী মো. নুরুজ্জামান ও আয়কর আইন ২০২৩-এর সুবিধা এবং প্রতিবন্ধকতা শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন স্নেহাশিষ মাহমুদ অ্যান্ড কোং-এর অংশীদার স্নেহাশিষ বড়ুয়া। বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের চেয়ারম্যান ড. ধীমান কুমার চৌধুরী, এনবিআরের সাবেক সদস্য মো. আলমগীর হোসেন, এমজে আবেদিন অ্যান্ড কোং-এর অংশীদার হাসান মাহমুদ।










