পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ড’ ইলেকট্রনিক সাবস্ক্রিপশন আগামীকাল বিকাল সাড়ে ৪টায় শেষ হবে। এর আগে ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বন্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়। প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে ব্যাংকটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, বন্ডটির ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ৫ হাজার টাকা বা এর গুণিতক। বন্ডটি সাবস্ক্রিপশনের জন্য সাধারণ ও যোগ্য বিনিয়োগকারীকে পুরো ফি প্রদান করতে হবে। যোগ্য বিনিয়োগকারীর জন্য সাবস্ক্রিপশন ফি ৩ হাজার টাকা।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৯১তম সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং বাকি ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের কুপন রেট হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।










