দ্বিতীয় প্রান্তিকে রেকর্ডসংখ্যক বিদ্যুচ্চালিত গাড়ি সরবরাহ করেছে টেসলা। দাম কমানো ও ইউএস ফেডারেল ক্রেডিট টেসলার বিদ্যুচ্চালিত গাড়ির চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।
সাশ্রয়ী মার্কিন ধনকুবের ইলোন মাস্কের প্রতিষ্ঠানটি এপ্রিল-জুনের মধ্যে ৪ লাখ ৬৬ হাজার ১৪০টি গাড়ি হস্তান্তর করেছে, যা আগের প্রান্তিকের তুলনায় ১০ শতাংশ বেশি। একইভাবে গত বছরের তুলনায় ৮৩ শতাংশ বেশি। বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন, টেসলা গড়ে ৪ লাখ ৪৫ হাজার গাড়ি ডেলিভার করবে। বিশেষ করে রেফিনিটিভের এক জরিপে বিশ্লেষকদের ধারণা ছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি সর্বনিম্ন ৪ লাখ ৩৯ হাজার ৮৭৫ থেকে সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার গাড়ি ডেলিভারি করবে।
দ্বিতীয় প্রান্তিকে টেসলা সরবরাহের চেয়ে ১৩ হাজার ৫৬০টি গাড়ি বেশি তৈরি করেছে। যদিও প্রথম প্রান্তিকে বাড়তি উৎপাদনের ব্যবধান ১৭ হাজার ৯৩৩ থেকে কমেছে। ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান ইভস বলেন, ‘দাম কমানো টেসলার জন্য একটি স্মার্ট পদক্ষেপ ছিল। বিশেষ করে চীনের বাজারের বড় লভ্যাংশ দেয়ায় টেসলা সাফল্য পেয়েছে।’
চীনের বাজারের নেতৃত্বে থাকা বিওয়াইডির সঙ্গে কঠোর প্রতিযোগিতা থাকা সত্ত্বেও সেখানে এবার রেকর্ড পরিমাণ বিক্রির আশা করা করছে টেসলা। উত্তর আমেরিকার পরে টেসলার দ্বিতীয় বৃহত্তম বাজার রয়েছে চীনে।










