বিশ্ববাজারে গতকাল স্বর্ণের দাম বেড়ে দুই মাসের সর্বোচ্চে পৌঁছেছে। ডলারের বিনিময় মূল্য কমে যাওয়াকে এর প্রধান কারণ বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
ক্রমবর্ধমান মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আনতে অব্যাহত সুদহার বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল বিজার্ভ। দেশটিতে বর্তমানে সুদহার রেকর্ড সর্বোচ্চে। তবে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বৈঠকে সংস্থাটি আগ্রাসী মুদ্রানীতি থেকে সরে আসবে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। অর্থাৎ অব্যাহত সুদহার বৃদ্ধির অবসান ঘটতে যাচ্ছে। ফলে বিনিয়োগকারীরা সেফ হ্যাভেন হিসেবে বিবেচিত ধাতুটিতে আবারো বিনিয়োগ বাড়াবে। এমন প্রত্যাশাও স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে।
স্পট মার্কেটে গতকাল কার্যদিবসের শুরুর দিকে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়ে যায়। প্রতি আউন্সের মূল্য দাঁড়ায় ১ হাজার ৯৮১ ডলার ৪৪ সেন্টে। কার্যদিবসের সমাপনী সেশনে প্রতি আউন্সের মূল্য স্থির হয় ১ হাজার ৯৮৭ ডলার ৩৯ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৯৮৪ ডলার ১০ সেন্টে উন্নীত হয়েছে।
ডলারের বিনিময় মূল্য কমে গতকাল ১৫ মাসের সর্বনিম্নে নামে। বিপরীতে বেড়ে যায় চীনের ইউয়ানের দাম। ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ায় অন্য মুদ্রার ক্রেতাদের কাছে ধাতুটির চাহিদা বেড়েছে।
জানা গেছে, জুনের শেষ দিকে স্বর্ণের দাম কমে তিন মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল। কিন্তু এর পর থেকে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতিই দাম বাড়াতে সহায়তা করেছে।










