চলতি মৌসুমে ব্রাজিলের খাদ্যশস্য উৎপাদন বেড়ে নতুন উচ্চতায় পৌঁছার আভাস মিলেছে। দেশটির আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটায় শস্য আবাদ বাড়িয়েছেন কৃষকরা। নতুন কোনো প্রতিকূলতা দেখা না দিলে মৌসুম শেষে উৎপাদন রেকর্ড স্পর্শ করতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সাপ্লাই কোম্পানি কোনাব।

প্রতিবেদনে বলা হয়, সদ্য বিদায়ী মৌসুমে ব্রাজিলে ২৭ কোটি ৯ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে। তবে নতুন মৌসুমে উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৩১ কোটি ২৪ লাখ টনে। এবার আবাদি জমির পরিমাণ ২ দশমিক ৯ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।

মোট খাদ্যশস্য উৎপাদনে বড় ভূমিকা রাখবে ভুট্টা ও সয়াবিন। শস্য দুটির সম্মিলিত উৎপাদন দাঁড়াবে ২৭ কোটি ৯৩ লাখ টনে। সয়াবিনচাষীরা চলতি মৌসুমে ৪ কোটি ২৮ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে শস্যটি আবাদ করবেন বলে ধারণা করা হচ্ছে। আগের মৌসুমের তুলনায় উৎপাদন ৩ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে।

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে ভুট্টার আবাদে বেশ অগ্রগতি লক্ষ করা গিয়েছে। অঞ্চলটিতে পর্যাপ্ত বৃষ্টিপাত আবাদ ও গাছের বেড়ে ওঠায় সহায়তা করছে। তবে আগামী মাসগুলোয় তাপমাত্রার পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চলতি মৌসুমে দেশটিতে চাল উৎপাদন ১ কোটি ৮০ লাখ টনে পৌঁছবে বলে জানিয়েছে কোনাব।