মর্টগেজে সুদহার বেশি থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বেড়েছে নতুন আবাসন ইউনিট (বাড়ি, অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাট) নির্মাণ। গৃহনির্মাতারা প্রত্যাশা করছেন, আগামী মাসগুলোয় নতুন আবাসন ইউনিটের চাহিদা আরো বাড়বে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে নতুন বাড়ি নির্মাণ ১০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরো এবং ডিপার্টমেন্ট অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট এ তথ্য জানিয়েছে। খবর সিএনএন।
গত মাসে সমন্বয়কৃত পরিসংখ্যান অনুযায়ী, আবাসন ইউনিট নির্মাণের বার্ষিক সংখ্যা ১৫ লাখ ২১ হাজার ইউনিটে পৌঁছেছে, যা বিশ্লেষকদের ১৪ লাখ ২৫ হাজার ইউনিটের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।
নতুন আবাসন ইউনিটের সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় ভবন তৈরির অনুমতি দেয়ার মাধ্যমে। এ হিসাবে নতুন আবাসন ইউনিট তৈরির জন্য অনুমতি জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
এদিকে আবাসন খাতসংশ্লিষ্টদের মতে, আবাসন ঘাটতির পাশাপাশি আবাসন ইউনিট কেনার সক্ষমতাও কমে এসেছে যুক্তরাষ্ট্রে। এ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কার্যকর কৌশল হতে পারে ক্রয় ও ভাড়া নেয়া আবাসন ইউনিটের পরিমাণ বাড়ানো। তবে এখন যেসব এলাকায় বেশি আবাসন ইউনিট নির্মাণ হচ্ছে সেখানে আবাসন ইউনিটের দাম ও ভাড়া ততটা বাড়েনি। যদিও চাহিদার বিপরীতে আবাসন বাজারে আবাসন ইউনিটের সংখ্যা কম। তবে নতুন আবাসন ইউনিটের নির্মাণ ক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প তৈরি করতে সক্ষম হবে। মর্টগেজ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, নতুন নির্মিত আবাসন ইউনিটের জন্য মর্টগেজ ঋণের আবেদন গত বছরের তুলনায় ফেব্রুয়ারিতে ১৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এছাড়া গত মার্চের পর থেকে গড় ঋণের পরিমাণ প্রায় ৪ লাখ ৬ হাজার ডলারে পৌঁছেছে।
মর্টগেজ সেবাদাতা প্রতিষ্ঠান ব্রাইট মাল্টিপল লিস্টিং সার্ভিসের প্রধান অর্থনীতিবিদ লিসা স্তার্তুভান্ত বলেন, ‘আগামী মাসগুলোয় আবাসন ইউনিটের দাম আরো কমার সুযোগ রয়েছে। নতুন নির্মাণ বৃদ্ধির ফলে আবাসন বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকবে। এছাড়া বিক্রি বাড়াতে গৃহনির্মাতারা ক্রেতাদের বিভিন্ন ধরনের ছাড় ও সহজ অর্থায়নের প্রস্তাব দিচ্ছে।’ তবে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হোম বিল্ডার্সের তথ্যানুযায়ী, সীমিত সংখ্যক গৃহনির্মাতা আবাসন ইউনিটের দাম কমানোর প্রস্তাব দিচ্ছেন।
এখনো ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী মর্টগেজের সুদহার কমেনি। তবে গৃহনির্মাতারা মর্টগেজের সুদহার কমার জন্য প্রস্তুত থাকতে চান। গত অক্টোবরে মার্কিন মর্টগেজ সুদহার ৭ দশমিক ৭৯ শতাংশে পৌঁছেছিল। তা এখন কমে এসে ৬ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।
আরসিএলসিও রিয়েল এস্টেট কনসাল্টিংয়ের কেলি ম্যানগোল্ড বলেন, ‘মর্টগেজের সুদহার কমে এলে ক্রেতারা বাজারে ফিরে আসবে এবং ক্রেতাদের সম্ভাব্য চাহিদা মেটানোর জন্য গৃহনির্মাতারা সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে।’
যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনের আগে অন্যতম আলোচনার ইস্যুতে পরিণত হয়েছে উচ্চ মূল্যস্ফীতি ও মর্টগেজে উচ্চ সুদহারের সঙ্গে ক্রয়ক্ষমতা। মহামারীর আগ থেকে বাড়ি ভাড়া ৩০ শতাংশ এবং আবাসন ইউনিটের দাম ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। আবাসন খাতসংশ্লিষ্টরা আশা করছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবাসন ঘাটতি মোকাবেলায় কংগ্রেসে একটি আইন পাস করার জন্য আহ্বান জানাবেন, যা মার্কিন আবাসন সংকট ও আবাসন ইউনিটের দাম কমাতে সাহায্য করবে।










