বিশ্ববাজারে খাদ্যশস্য রফতানি বাড়িয়েছে ইউক্রেন। উৎপাদন প্রবৃদ্ধি এবং ব্যাপক আমদানি চাহিদার কারণে ফুলে-ফেঁপে উঠছে দেশটির খাদ্যশস্য রফতানি খাত। খবর বিজনেস রেকর্ডার ও রয়টার্স।

ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে দেশটির ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে। আগামী বছরের জুনে এ মৌসুম শেষ হবে। মৌসুম শুরু পর থেকে এ পর্যন্ত রফতানি করা হয়েছে ৯১ লাখ ৪০ হাজার টন খাদ্যশস্য। গত মৌসুমের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৮০ লাখ ৪০ হাজার টন। সে হিসাবে রফতানি বেড়েছে ১১ লাখ টন।

সরকারি তথ্যমতে, মোট খাদ্যশস্যের মধ্যে ৫০ লাখ টন গম, ২৮ লাখ ৪০ হাজার টন যব ও ১২ লাখ ৭০ হাজার টন ভুট্টা রফতানি করা হয়।

চলতি বছর ৮ কোটি ৬ লাখ টন খাদ্যশস্য মাড়াইয়ের পরিকল্পনা রয়েছে ইউক্রেনের। গত বছর মাড়াই করা হয় ৬ কোটি ৫০ লাখ টন। ২০২১-২২ মৌসুমে দেশটির খাদ্যশস্য রফতানি ৬ কোটি ৭ লাখ টন ছাড়িয়ে যেতে পারে। গত মৌসুমে রফতানির পরিমাণ ছিল ৪ কোটি ৪৭ লাখ টন। অর্থাৎ বার্ষিক রফতানি ১ কোটি ৬০ লাখ টন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কৃষি মন্ত্রণালয় জানায়, চলতি মৌসুমে ২ কোটি ৩৮ লাখ টন গম, ৩ কোটি ৯ লাখ টন ভুট্টা ও ৫২ লাখ টন যব রফতানি করা হতে পারে।