চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আর্জেন্টিনা ২৩ কোটি ৩০ লাখ ডলারের লিথিয়াম রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ১৩৩ শতাংশ। দেশটির খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সাদা ধাতু হিসেবে খ্যাত ধাতুটির রফতানি গত মাসে ছিল সবচেয়ে ভালো অবস্থায়। এ সময় ৯ কোটি ১০ লাখ ডলারের লিথিয়াম রফতানি হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৩ শতাংশ বেশি। গত মাসে আর্জেন্টিনা যে পরিমাণ খনিজ সম্পদ রফতানি করেছে তার ২৭ শতাংশই লিথিয়াম।

প্রথম প্রান্তিকে লিথিয়াম রফতানির শীর্ষ গন্তব্য ছিল চীন ও জাপান। মোট রফতানির ৩১ শতাংশ চীনে ও ৩১ শতাংশ জাপানে সরবরাহ হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে ১৩ শতাংশ ও দক্ষিণ কোরিয়ায় ১২ শতাংশ সরবরাহ হয়েছে।

আর্জেন্টিনার খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, দেশটিতে ৩৮টি লিথিয়াম প্রকল্প আছে। যদিও এর মধ্যে বর্তমানে শুধু একটি প্রকল্প চলমান। এটি হলো সালার ডে ওলারোজ। প্রকল্পটির সিংহভাগ অংশীদার অস্ট্রেলিয়ার অলকেম লিমিটেড।

আর্জেন্টিনা কৃষিপণ্যের পাওয়ার হাউজ হিসেবে খ্যাত। বর্তমানে দেশটি খনিজ সম্পদেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়। খনিজ সম্পদ খাতে বিদেশী বিনিয়োগ আকর্ষণে দেশটির সরকার জোর প্রয়াস চালাচ্ছে। এ লক্ষ্যে বিনিয়োগকারীদের জন্য কর প্রত্যাহার ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।