বিশ্বজুড়ে ২ হাজার কর্মী ছাঁটাই করবে জাপানি কোম্পানি ওমরন। সম্প্রতি ইলেকট্রনিকস নির্মাতা কোম্পানিটি এ ঘোষণা দিয়েছে। মূলত চীনে দুর্বল ফ্যাক্টরি অটোমেশন ইকুইপমেন্ট ব্যবসার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ওমরন। খবর নিক্কেই এশিয়া। ওমরন চলতি বছর এপ্রিল থেকে মে পর্যন্ত জাপানের কর্মীদের বাইআউট অফারের প্রস্তাব দেবে। কোম্পানিটি ২০২৬ সালের মধ্যে ২০ কোটি ডলার ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে, যার জন্য কোম্পানিটি ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে দেশীয় ও বৈদেশিক কাঠামোগত সংস্কার করবে বলে জানিয়েছে।

কর্মী ছাঁটাইয়ের জন্য ২০২৫ সালে ব্যয় বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস করেছে ওমরন। ২০২৩ সালের মার্চে ওমরনের মোট কর্মীসংখ্যা ছিল প্রায় ২৮ হাজার। দুই হাজার কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে মোট কর্মীসংখ্যার প্রায় ৭ শতাংশ কমে আসবে। পাশাপাশি ওমরন বিক্রয় ও প্রশাসনিক বিভাগের ব্যয়ও কমাতে চায়। কোম্পানিটি বিক্রি ৩২ দশমিক ৭ শতাংশ থেকে ৩০ শতাংশের নিচে কমিয়ে আনার লক্ষ্য নিয়েছে। এদিকে ওমরনের নিট মুনাফা ৯৮ শতাংশ কমে ১৫০ কোটি ইয়েনে নেমে আসবে বলে পূর্বাভাস করা হয়েছে। মূলত চীনে ফ্যাক্টরি অটোমেশন ইকুইপমেন্ট ব্যবসায় মন্দার কারণে নির্মাতা কোম্পানি গত ৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো কোম্পানিটি তার আয় পূর্বাভাস কমিয়েছে।সম্প্রতি বিশ্লেষকদের সঙ্গে এক ব্রিফিংয়ে কাঠামোগত সংস্কার পরিকল্পনা সম্পর্কে কোম্পানির প্রেসিডেন্ট জান্তা সুজিনাগা জানান, তারা চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চায়। 

ওমরন চীনের পরিবর্তে এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে গ্রাহকদের সন্ধানে কাজ করছে। অতিরিক্ত মজুদ কমানোর পাশাপাশি ওমরন খাদ্য, ভোগ্যপণ্য ও চিকিৎসা সরঞ্জামের মতো শিল্পগুলোয় সুযোগ অন্বেষণ করবে।