সুইস ব্যাংকিং জায়ান্ট ইউবিএসের প্রধান নির্বাহী সার্জিও এরমোটি নিশ্চিত নন যে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। তিনি সম্প্রতি প্রকাশিত একটি সাক্ষাৎকারে এ কথা বলেছেন। খবর রয়টার্স।

মার্কিন ফেডারেল রিজার্ভ চেয়ারপারসন জেরোম পাওয়েল গত সপ্তাহে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র সুদের হার বাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

সাতটি সূত্র রয়টার্সকে বলেছে যে ইসিবি দেখতে চায়, কীভাবে মূল্যস্ফীতি এবং অন্যান্য সূচক আগামী বছরের ৭ মার্চের ফেডের বৈঠকের আগে নিয়ন্ত্রণে আসে।

অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চাইলে সার্জিও এরমোটি বলেছেন, ‘‌আমি একটি জিনিস শিখেছি যে আগামী মাসগুলো নিয়ে ভবিষ্যদ্বাণী করা ঠিক হবে না। এটি প্রায় অসম্ভব। কারণ আমি এখনো নিশ্চিত নই যে মূল্যস্ফীতি সত্যিই নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রবণতাটি অনুকূল বলে মনে হচ্ছে। তবে এটি অব্যাহত থাকে কিনা তা আমাদের দেখতে হবে। মূল্যস্ফীতি যদি সব প্রধান অর্থনীতিতে ২ শতাংশ লক্ষ্যমাত্রার কাছাকাছি চলে আসে, তাহলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতি কিছুটা শিথিল হতে পারে। এ পরিস্থিতিতে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ।’

সম্প্রতি ইউবিএস জানায়, ক্রেডিট সুইসের অধিগ্রহণের পরে খরচ কমাতে সুইজারল্যান্ডে তিন হাজার কর্মীকে ছাঁটাই করা হবে, যা বৈশ্বিক আর্থিক সংকটের পর সবচেয়ে বড় ব্যাংক একীভূতকরণ। ক্রেডিট সুইসের পতন এড়াতে সুইজার‍ল্যান্ড সরকারের পরিকল্পনায় এমনটা করা হচ্ছে।

উল্লেখ্য, ক্রেডিট সুইস অধিগ্রহণের ফলে রিয়েল এস্টেট ব্যয় হিসেবে ৪০ কোটি ডলার দিতে হয়েছে ইউবিএসকে। ব্যয়গুলোর একটি অংশ এসেছে ক্রেডিট সুইস যে অফিস স্পেস লিজ নিয়েছিল সেখান থেকে। হাজার হাজার সাবেক কর্মীকে নিজস্ব ভবনে সরিয়ে নিচ্ছে ইউবিএস। যুক্তরাজ্য ও নিউইয়র্ক সদর দপ্তর থেকে ক্রেডিট সুইসের লোগো সরিয়ে নেয়া হয়েছে।

সার্জিও এরমোটি বলেন, ‘‌নীতিমালার ওপর ভিত্তি করে যথাসাধ্য চেষ্টা করব আমরা। অবসর গ্রহণ, আগাম অবসর, স্বাভাবিক প্রস্থানের মতো নানা বিকল্প তৈরি করা হচ্ছে। ক্রেডিট সুইসের তিন হাজার লোক ভুল করেনি। একই সঙ্গে নিঃসন্দেহে এ সংখ্যা অনেক কম। আবার এটাও মেনে নিতে হবে যে এমন লোকদের বরখাস্ত করা হবে যারা এসব ঘটনার জন্য কোনোভাবে দায়ী নয়।’