বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়েছে পণ্যটির দামে। বাড়তি সরবরাহের জের ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম দুদিনের ব্যবধানে কেজিপ্রতি আরো ১০ টাকা কমে গেছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোয় পেঁয়াজের দাম বর্তমানের তুলনায় আরো কমে আসতে পারে।
গতকাল হিলির পাইকারি বাজার ঘুরে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ২০-২৪ টাকায় বিক্রি হতে দেখা যায়। দুদিন আগেও এসব পেঁয়াজ কেজিপ্রতি ৩০-৩২ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে হিলির পাইকারি বাজারে পণ্যটির দাম কেজিপ্রতি সর্বোচ্চ ১০ টাকা কমেছে।
হিলির পেঁয়াজ ব্যবসায়ী ফিরোজ হোসেন বণিক বার্তাকে বলেন, পাইকারি বাজারে কয়েকদিন আগেও প্রতি মণ মুড়িকাটা পেঁয়াজ ৮০০-৯০০ টাকায় বিক্রি হয়েছিল। মাঝে পণ্যটির সরবরাহ সংকট দেখা দেয়। এর জের ধরে মুড়িকাটা পেঁয়াজের দাম এক ধাক্কায় মণপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় উন্নীত হয়। এ কারণে ব্যবসায়ীরা প্রতি কেজিতে বাড়তি ১০ টাকা করে নিয়েছেন।
তিনি আরো বলেন, এখন স্থানীয় মোকামগুলোয় দেশে উৎপাদিত মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে কমে এসেছে দাম। দুদিনের ব্যবধানে হিলির পাইকারি বাজারে মুড়িকাটা পেঁয়াজের দাম কেজিতে সর্বোচ্চ ১০ টাকা কমেছে। বর্তমানে পণ্যটির মণ ফের ৮০০-৯০০ টাকায় নেমে এসেছে।
স্থানীয় বিক্রেতা শাকিল খান বণিক বার্তাকে বলেন, বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এজন্য কমতে শুরু করেছে দাম। পাইকারি পর্যায়ে কম দামে কিনতে পারায় খুচরা ব্যবসায়ীরাও তুলনামূলক কম দামে পেঁয়াজ বিক্রি করতে পারছেন।
এদিকে বাজারে দেশে উৎপাদিত মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কমে আসার জের ধরে অনেক ব্যবসায়ী ও আমদানিকারক ভারত থেকে আমদানি করে মোকাম ভরিয়েছেন। এখন দাম কমতে শুরু করায় তারা মজুদ করা এসব পেঁয়াজ বাজারে ছাড়তে শুরু করেছেন। ফলে পেঁয়াজের সরবরাহ নিয়ে বিদ্যমান সংকট কেটেছে।
এ বিষয়ে শাকিল খান বণিক বার্তাকে বলেন, এ পরিস্থিতি পেঁয়াজের দাম কমিয়ে দেয়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে। আগামী দিনগুলোয় বাজারে পেঁয়াজের সরবরাহ সংকট থাকবে না বলেই মনে করা হচ্ছে। ফলে হিলির পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম দীর্ঘমেয়াদে কমতির দিকে থাকতে পারে। এমনকি পণ্যটির দাম বর্তমানের তুলনায় আরো কমে কেজিপ্রতি ২০ টাকার নিচে নেমে আসার সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা।










