বিশ্ববাজারে তামার দাম কমেছে। শীর্ষ ব্যবহারকারী চীনে নিম্নমুখী চাহিদা পণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে গতকাল তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি টন তামার মূল্য নেমেছে ৯ হাজার ৬৬১ ডলার ৫ সেন্টে।
অন্যদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল তামার দাম জুলাইয়ে সরবরাহ চুক্তিতে আগের দিনের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টন তামার মূল্যনির্ধারণ হয়েছে ৭৮ হাজার ৪৯০ ইউয়ান (১০ হাজার ৮০৯ ডলার ২১ সেন্ট)।
এলএমইতে গতকাল অ্যালুমিনিয়ামের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৫০৭ ডলার। নিকেলের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ১৭ হাজার ৩১৫ ডলারে নেমেছে। গতকাল সিসার দাম কমেছে দশমিক ৩ শতাংশ। প্রতি টনের মূল্য নির্ধারণ হয়েছে ২ হাজার ১৮৪ ডলার ৫ সেন্টে।
এসএইচএফইতে অ্যালুমিনিয়ামের দাম প্রায় ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নির্ধারণ হয়েছে ২০ হাজার ৩২০ ইউয়ান। নিকেলের দাম দশমিক ২ শতাংশ কমে ১ লাখ ৩৫ হাজার ৫০ ইউয়ানে নেমেছে। তবে এসএইচএফইতে গতকাল সিসার দাম বেড়েছে। প্রতি টনের মূল্য ১৮ হাজার ৮৯০ ইউয়ানে পৌঁছেছে।










