প্রথমবারের মতো স্পেনের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অবদান ৫০ শতাংশে পৌঁছেছে। সম্প্রতি দেশটির একজন মন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন।

এক ভিডিও বার্তায় মন্ত্রী তেরেসা রিবেরা বলেন, ‘নবায়নযোগ্য শক্তি থেকে ৫০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। যেখানে গত বছর এর হার ছিল ৪২ শতাংশ।’ 

স্ক্যান্ডিনেভিয়ার বাইরে দ্বিতীয় ইউরোপীয় দেশ হিসেবে স্পেন চলতি বছর প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদনে এ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। 

অন্যদিকে মোট উৎপাদন সক্ষমতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ৫৩ শতাংশে উন্নীত করেছে জার্মানি, যা গত বছর ছিল ৪৪ শতাংশ। সম্প্রতি প্রকাশিত প্রাথমিক তথ্যে এটি জানা গেছে। ২০২৩ সালে ফটোভোলটাইক সৌর সুবিধা যুক্তকারী হিসেবে ইউরোপের শীর্ষ দুই দেশ জার্মানি ও স্পেন। এর মাধ্যমে দেশ দুটি ১৪ দশমিক ১ ও ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ যুক্ত করেছে।

স্পেন ও জার্মানির পুনর্নবায়নযোগ্য খাতগুলো ফ্রান্স, ইতালি ও যুক্তরাজ্যসহ নবায়নযোগ্য শক্তির উৎস তৈরিতে আগ্রহী অর্থনীতির দেশগুলোকে ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোয় স্পেনের নবায়নযোগ্য শক্তির বৃদ্ধি উপকূলীয় অঞ্চলে থাকা বায়ু ও সৌরশক্তির কারণে প্রভাবিত হয়েছে। একসময় বিদ্যুৎ উৎপাদনে দেশটির অন্যতম ক্ষেত্র ছিল জলবিদ্যুৎ। বর্তমানে এর মাধ্যমে স্পেনের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয়, যা বায়ু ও সৌরবিদ্যুতের তুলনায় অনেক কম।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হয়। এর পরই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদ্যুৎ সংকট শুরু হয়। এরপর অঞ্চলটি প্রাকৃতিক গ্যাস ও কয়লার ওপর নির্ভরতা কমাতে শুরু করে। বিকল্প ও নবায়নযোগ্য শক্তির উৎসে বিনিয়োগ বাড়ানোয় এ সমস্যা থেকে অঞ্চলটি দ্রুত বেরিয়ে আসতে পেরেছে। আর এ খাতের শীর্ষে রয়েছে সৌরবিদ্যুৎ। চলতি বছর ইইউ ৫৬ গিগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করেছে, যা ২০২২ সালে আন্তর্জাতিক শক্তি সংস্থার ৬০ গিগাওয়াট সুপারিশের চেয়ে ৪ গিগাওয়াট কম।

ডিসেম্বরের শুরুতে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে ২০৩০ সাল নাগাদ নবায়নযোগ্য শক্তির উৎসতে বিনিয়োগ তিন গুণ বাড়ানোর বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করে ১১৮টি দেশ। এদের মধ্যে ইইউও ছিল। রিস্তাদ এনার্জির এক বিশ্লেষক জানান, সৌর এবং বায়ু বিদ্যুৎ প্রকল্পে স্পেনের যে অগ্রগতি তা সামনের বছরগুলোয় উল্লেখযোগ্য প্রবৃদ্ধির পূর্বাভাস। জুনে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালের মধ্যেই নবায়নযোগ্য শক্তির উৎস থেকে ৫০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তেরেসা রিবেরা বলেন, ‘আমাদের সামনে আরো প্রতিবন্ধকতা রয়েছে। তবে ইউরোপের শক্তি ব্যবস্থা পরিবর্তনে আমাদের যে অঙ্গীকার তা অনেকটাই স্পষ্ট।’

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অধীনে স্প্যানিশ সরকার, সৌরশক্তিকে সবুজ বা নবায়নযোগ্য শক্তি ব্যবস্থার মূল হিসেবে নির্ধারণ করেছে। এর মাধ্যমে সবুজ হাইড্রোজেন রফতানিতে স্পেনের সৌরশক্তিকে যথাযথভাবে ব্যবহারের বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।