বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আজ মঙ্গলবার ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি ফাবেলার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা খাতে বিনিয়োগ, প্রযুক্তিনির্ভর পেমেন্ট সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামো বিষয়ে মতবিনিময় করা হয়।

ভিওন গ্রুপ বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে তাদের আগ্রহ ও পরিকল্পনার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে। আলোচনায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি এবং ডিজিটাল ব্যাংকিং সংশ্লিষ্ট লাইসেন্সিং ও নিয়ন্ত্রক বিষয় স্থান পায়।

ভিওন গ্রুপ জানায়, তারা ইতোমধ্যে পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে এবং বাংলাদেশে বৃহত্তর ডিজিটাল আর্থিক সেবা ইকোসিস্টেমে অংশগ্রহণের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে তারা আগ্রহী।

সভায় বিদ্যমান ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডিং কাঠামো, সম্ভাব্য অংশীদারত্ব এবং সংখ্যাগরিষ্ঠ শেয়ারধারী হিসেবে অংশগ্রহণের বিষয়ে ভিওন গ্রুপের আগ্রহ নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে উপযুক্ত করপোরেট কাঠামো, প্রযোজ্য আইন, নিয়ন্ত্রক শর্তাবলি এবং প্রয়োজনীয় অনুমোদন অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, দেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ, নিয়মতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এর প্রেক্ষিতে, প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে ভিওন গ্রুপের সংশ্লিষ্ট আবেদন অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে।

এছাড়া, সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়েও কথা হয় বৈঠকে।