রেকর্ড বৈশ্বিক আমদানির জেরে ২০২০-২১ অর্থবছরে যুক্তরাষ্ট্রের তুলা রফতানি হয়েছে ১ কোটি ৬৪ লাখ বেল। এতে দেশটির তুলা রফতানি ১৫ বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। চীনকে হটিয়ে যুক্তরাষ্ট্রের তুলার শীর্ষ গন্তব্য হয়ে দাঁড়িয়েছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ৫০ লাখ বেল তুলা আমদানি করেছে ভিয়েতনাম, যা মার্কিন রফতানির এক-তৃতীয়াংশ।

ইউএসডিএর ফরেন এগ্রিকালচার সার্ভিস (এফএএস) তাদের সেপ্টেম্বর ২০২১ প্রতিবেদন কটন: ওয়ার্ল্ড মার্কেটস অ্যান্ড ট্রেড প্রতিবেদনে জানায়, ভিয়েতনামে রফতানি বাড়লেও ১০ শীর্ষ রফতানি গন্তব্যের আটটিতেই কমেছে। গত ডিসেম্বরে রেকর্ড তুলা রফতানি যুক্তরাষ্ট্রের বার্ষিক রফতানিতে প্রভাব রেখেছে। ২০২০-২১ অর্থবছরে যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদন আগের বছরের চেয়ে ৫৩ লাখ বেল কমার পরও চীনা আমদানি প্রভাব রেখেছে।

শীর্ষস্থান হারালেও চীনের রাষ্ট্রীয় মজুদ বৃদ্ধিতে দেশটিতে যুক্তরাষ্ট্রের রফতানি ছিল আট বছরের সর্বোচ্চ। ২০২০-২১ অর্থবছরে চীনের মোট তুলা মজুদের ৯০ শতাংশ ছিল যুক্তরাষ্ট্রের। এর আগে ব্রাজিল চীনের প্রধান সরবরাহকারী হলেও ট্রাম্প প্রশাসনের শেষ বছরে ফেজ ওয়ান চুক্তির ফলে দেশটি থেকে আমদানি বাড়িয়েছে বেইজিং। স্থানীয় তুলার থেকে আমদানীকৃত তুলার কম দামও চীনের আমদানি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ২০১৯-২০ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত তুলার দাম চীনের স্থানীয় তুলার চেয়ে ১০ সেন্ট বেশি ছিল। কিন্তু ২০২০-২১ অর্থবছরে চীনের স্থানীয় তুলার চেয়ে যুক্তরাষ্ট্রের তুলার দাম কমে যায় ৮ সেন্ট।

২০২০-২১ অর্থবছরে যুক্তরাষ্ট্রের তুলা রফতানি ১৫ বছরের সর্বোচ্চ হলেও রেকর্ড বৈশ্বিক আমদানি তাতে প্রভাব রেখেছে। শীর্ষ পাঁচে চীনের পাশাপাশি রেকর্ড আমদানি করেছে বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান ও তুরস্ক। সুতার দাম বৃদ্ধি এবং তুলাজাত পণ্যের বৈশ্বিক চাহিদা বৃদ্ধিতে তুলা আমদানি বেড়েছে।

শীর্ষ বাজারগুলোতে যুক্তরাষ্ট্রের তুলার বিকল্প হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত ও ব্রাজিল। ২০২০-২১ অর্থবছরে ব্রাজিলের রফতানি পূর্ববর্তী বছরের চেয়ে রেকর্ড ২০ লাখ বেল বেড়েছে। অন্যদিকে ভারতের রফতানিও সাত বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে।

ইউএসডিএ তাদের সর্বশেষ প্রতিবেদনে জানায়, ২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্রের তুলা রফতানি আগের বছরের চেয়ে কমে ১ কোটি ৫৫ লাখ বেলে দাঁড়াতে পারে। যদিও চলতি বছরে ১ কোটি ৮৫ লাখ বেল তুলা উৎপাদনের পূর্বাভাস তাদের।

চলতি অর্থবছরে সর্বোচ্চ তুলা আমদানিকারক হিসেবে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখবে চীন। এবার তারা এক কোটি বেল তুলা আমদানি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। শীর্ষ আমদানিকারকের স্থান ধরে রাখলেও পূর্ববর্তী বছরের চেয়ে ২৮ লাখ বেল কম তুলা আমদানি করতে যাচ্ছে চীন।