গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন আল জাজিরার সাংবাদিক সামের আবু দাক্কা। এরপর কয়েক ঘণ্টা অবরুদ্ধ থেকে চিকিৎসাবঞ্চিত এ সাংবাদিক মারা যান। গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে।

সামের আন্তর্জাতিক গণমাধ্যমটির ক্যামেরা পারসন হিসেবে কাজ করছিলেন। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফারখানে একটি স্কুলের কাছে ইসরায়েলি হামলায় গুরুতরভাবে আহত হন সামের।

আহত হওয়ার পর ওই সাংবাদিক স্কুলের পাশে একটি এলাকায় আশ্রয় নেন। ওই সময় ইসরায়েলি হামলার কারণে এলাকাটিতে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি। এর ফলে সামের আবু দাক্কাকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি।

এছাড়া স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এ সাংবাদিক ও স্কুলে আটকে পড়া অন্য আহতদের সাহায্যে এগিয়ে আসা তিন ব্যক্তিকে হত্যা করে আইডিএফ।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, ইসরায়েলি বাহিনীর হাতে গত দুই মাসে অন্তত ৬৪ সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক।

তেল আবিবের দাবি অনুযায়ী, ৭ অক্টোবরের হামলায় নিহত হয়েছেন প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন ১৯ হাজারের এর মতো ফিলিস্তিনি। আহত হয়েছেন অর্ধ লাখের বেশি।