ইউক্রেন আক্রমণের পর একে একে রাশিয়া ছেড়ে যায় পশ্চিমা কোম্পানিগুলো। এর মধ্যে অন্যতম ছিল ম্যাকডোনাল্ডস। এরপর স্থানীয় একজন উদ্যোক্তা পুরো পরিষেবাটি কিনে নিয়ে নতুন রেস্তোরাঁ চেইন চালু করে। প্রতিস্থাপিত ভকুসনো ই টচকা নামের চেইন রেস্তোরাঁটি এরই মধ্যে রাশিয়ার বাজারে বেশ প্রবৃদ্ধি দেখেছে, এক বছরে আয় বেড়েছে দ্বিগুণের বেশি। খবর আরটি।

২০২৩ সালে ভকুসনো ই টচকা ১৫ হাজার ৫৭০ কোটি রুবল বা ১৬৮ কোটি ডলার আয় করে, যা আগের বছরের চেয়ে ২ দশমিক ১ গুণ বেশি। এ সময় নিট মুনাফা ছিল ১ হাজার ৪২০ কোটি রুবল, ২০২২ সালে এ অংক ছিল ১ হাজার ১৬০ কোটি রুবল।

২০২৩ সালে বিক্রির সঙ্গে পাল্লা দিয়ে আউটলেট বাড়িয়েছে কোম্পানিটি। এ সময় যোগ হয় নতুন ৩৭টি রেস্তোরাঁ। এর আগে ২০২২ সালে বেশির ভাগ সময় অর্থাৎ মার্চের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত নিষ্ক্রিয় ছিল পূর্বতন ম্যাকডোনাল্ডস। এরপর নতুন ব্র্যান্ডিংসহ একাধিক সংস্কার পরিকল্পনা নিয়ে বাজারে নামে ভকুসনো ই টচকা। ফুড চেইনটির পক্ষ থেকে বলা হয়, সরবরাহসহ গ্রাহক পরিষেবা পুনরায় চালু করার মাধ্যমে ভালোভাবে সাড়া ফেলেছে রেস্তোরাঁটি।

ম্যাকডোনাল্ডস ২০২২ সালের মার্চে রাশিয়া ছাড়ার ঘোষণা দেয়। মূলত ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর ওপর আরোপিত আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার কারণে লাভজনক বাজারটি ছাড়তে বাধ্য হয় এ মার্কিন জায়ান্ট।

ওই বছরের জুনের মধ্যে ম্যাকডোনাল্ডসের সব রুশ আউটলেট কিনে নেন কোম্পানির স্থানীয় লাইসেন্সধারী আলেকজান্ডার গোভার। তিনি নাম পরিবর্তন করে নতুনভাবে ব্র্যান্ডিং করেন। ম্যাকডোনাল্ডস পরে জানায়, রাশিয়া ছেড়ে যাওয়ার জন্য কোম্পানিটির খরচ হয়েছে ১৩০ কোটি ডলার।

বর্তমানে রাশিয়ান ৬৪টি অঞ্চলে ৮৮০টিরও বেশি রেস্তোরাঁ পরিচালনা করছে ভকুসনো ই টচকা।