চীনে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যবহার ২০২৬ সালের মধ্যে রেকর্ড পরিমাণ বাড়তে পারে। ওই সময় পণটির ব্যবহারের পরিমাণ দাঁড়াবে দৈনিক ১ কোটি ৬০ লাখ ব্যারেলে। একই মাত্রায় বাড়বে প্রাকৃতিক গ্যাসের ব্যবহারও। চায়না পেট্রোকেমিক্যাল করপোরেশন (সিনোপেক) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিনোপেকের মতো একই রকম পূর্বাভাস দিয়েছে জ্বালানি তেলের বাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান রেইস্ট্যাড এনার্জি। প্রতিষ্ঠানটি জানায়, পাঁচ বছরের মধ্যে জ্বালানি তেলের চাহিদা অন্য যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি বাড়বে।

সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে সিনোপেকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মা ইয়াংশেং বলেন, অপরিশোধিত জ্বালানি তেল ধারাবাহিকভাবে জ্বালানি খাত থেকে স্থানান্তরিত হয়ে রাসায়নিক খাতে প্রবেশ করবে। আমরা রাসায়নিক খাতে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যবহার বাড়াব। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাড়বে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা। এটি আমাদের কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

এদিকে চীনের প্রাকৃতিক গ্যাস ব্যবহারও নতুন উচ্চতায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। মা ইয়াংশেং বলেন,  ২০৪০ সালের মধ্যে চীনে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বেড়ে ৬২ হাজার কোটি ঘনফুটে উন্নীত হবে। ২০৫০ সালের মধ্যে এটিই হয়ে উঠবে চীনের প্রধান জীবাশ্ম জ্বালানির উৎস।