দেশের কর আইনের চোখ ট্যারা; তাকায় একদিকে, দেখে আরেক দিক। দেশে বর্তমানে কর আইনগুলোর ফলে প্রত্যক্ষ খরচ কমছে ঠিকই কিন্তু পরোক্ষ খরচ অনেক বেশি বেড়ে যাচ্ছে। রাজস্ব আদায় প্রত্যক্ষ করমুখী হলে আয় বৈষম্য কমবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৪-২৫: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন আইবিএফবির প্রেসিডেন্ট হুমায়ূন রশিদ, সাবেক সভাপতি হাফিজুর রহমান খান, সহসভাপতি লুৎফুন্নিসা সৌদিয়া খান প্রমুখ।

কালো টাকা সাদা করা প্রসঙ্গে আইবিএফবির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে ১৫ শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দেয়া হতে পারে। তবে কালো টাকা সাদা করার সুযোগ থাকলে সাধারণ মানুষ নতুন করে করদাতা হতে চাইবে না।