ঘুরে দাঁড়িয়েছে থাইল্যান্ডের পর্যটন খাত। চলতি বছরের প্রথম পাঁচ মাসে পর্যটন-সম্পর্কিত ব্যবসা সম্প্রসারণ হওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। বেড়েছে বৈদেশিক মুদ্রা বিনিময়, ট্রাভেল এজেন্সি, ট্যুর গাইড, রেস্তোরাঁ, হোটেল, রিসোর্ট ও কনডো কোম্পানিগুলোয় বেড়েছে কার্যক্রম। খবর ব্যাংকক পোস্ট।

বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে, পর্যটন-সম্পর্কিত নতুন ব্যবসার অনুপাত মোট ব্যবসার ৮ দশমিক ১০ শতাংশ। গত বছরের এ সময়ের তুলনায় বেড়েছে ৯৬ দশমিক ৬ শতাংশ। বৈদেশিক মুদ্রা বিনিময়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাগুলো ৩৮৯ শতাংশ বেড়েছে। আর ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবসা বেড়েছে ২৮১ শতাংশ, ট্যুর গাইড সংস্থাগুলো বেড়েছে ২২৫ শতাংশ ও রেস্তোরাঁ ব্যবসা বেড়েছে ৬৭ দশমিক ২ শতাংশ। একই সময়ে হোটেল, রিসোর্ট ও কনডো ব্যবসার পরিধি বেড়েছে ৪৯ দশমিক ১ শতাংশ। অধিদপ্তরের মহাপরিচালক থোসাপোন ডানসুপুত্র বলেছেন, ‘এ প্রবৃদ্ধি আমাদের ক্রমবর্ধমান ভোক্তা আস্থা সূচকের বহিঃপ্রকাশ। ক্রমাগত বিদেশী পর্যটকদের সংখ্যা বৃদ্ধি ও থাই অর্থনৈতিক পুনরুদ্ধারের ফলে এটি সম্ভব হয়েছে। অধিদপ্তর আশা করছে, ২০২৩ সালের প্রথমার্ধে নিবন্ধিত নতুন ব্যবসার সংখ্যা ৪২-৪৫ হাজার ও বছর শেষে ৭৫-৭৮ হাজারে পৌঁছবে।’

চলতি বছরের প্রথম পাঁচ মাসে নতুন প্রতিষ্ঠিত ব্যবসার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৬০। বছরওয়ারি ১৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে ব্যবসা, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে নিবন্ধিত মূলধনের পরিমাণ ছিল থাইল্যান্ডের মুদ্রায় ৩৮ হাজার ৯০০ কোটি বাথ, যা বছরওয়ারি ৫০ শতাংশ বেশি। অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ের মধ্যে নতুন শীর্ষ তিন ব্যবসা ছিল নির্মাণ খাত, রিয়েল এস্টেট ও রেস্তোরাঁ, যার পরিমাণ ছিল যথাক্রমে ৭ দশমিক ৫৭, ৭ দশমিক ৩৩ ও ৪ দশমিক ৬৯ শতাংশ। মে মাসে নতুন ব্যবসা নিবন্ধনের পরিমাণ ১০ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে, যার সংখ্যা বছরে ২৬ শতাংশ বেড়ে ৭ হাজার ৪৩৭-এ পৌঁছেছে। এ মাসে সম্মিলিত নিবন্ধিত মূলধনের পরিমাণ ছিল ২ হাজার ৮৪০ কোটি বাথ, যা গত বছরের মে মাসের তুলনায় ৯৭ দশমিক ৯ শতাংশ বেশি।

ব্যবসার ধরন অনুসারে মে মাসে শীর্ষ তিন নতুন ব্যবসা ছিল রিয়েল এস্টেট, সাধারণ নির্মাণ ও রেস্তোরাঁ, যার পরিমাণ ছিল যথাক্রমে ৭ দশমিক ৫০, ৬ দশমিক ৪৬ ও ৪ দশমিক ৯৬ শতাংশ। বিভাগের দেয়া তথ্য অনুসারে, এ সময়ের ব্যবধানে ৫ হাজার ৪৩৮টি কোম্পানির পরিচালনা বন্ধ করেছে। মে মাসে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ২৩৪-এ দাঁড়িয়েছে, বছরওয়ারি যা ১২ শতাংশ বেশি। মে মাসের শেষ পর্যন্ত ৮ লাখ ৭৬ হাজার ৯৫৩টি কোম্পানি থাইল্যান্ডে কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে, যার সম্মিলিত পুঁজির পরিমাণ ২১ দশমিক ৩ ট্রিলিয়ন বাথ।

সমুদ্রসৈকত, জাতীয় উদ্যান ও বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক বাড়ছে। চলমান বৈশ্বিক সংকট পার করতে পর্যটন খাতের ওপর নির্ভর করছে দেশটি।