আমদানি বাড়ায় আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে। দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৪-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি করা হচ্ছে। আমদানীকৃত ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে পাইকারিতে

(ট্রাকসেল) ২৪-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা দুদিন আগেও ২৫-২৬ টাকা দরে বিক্রি হয়েছিল। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ কয়েক দিন ধরেই ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোজাম হোসেন ও ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, দেশের বাজারে আমদানীকৃত পেঁয়াজের পর্যাপ্ত চাহিদা থাকায় পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। আগে ১০-১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও এখন ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে। এছাড়া কয়েক দিন ধরে উষ্ণ আবহাওয়ার কারণে আমদানীকৃত পেঁয়াজের মান খারাপ হয়ে যাওয়ার ফলেও দামের ওপর প্রভাব পড়েছে। এছাড়া বাজারে দেশীয় পেঁয়াজের দামও কমতির দিকে রয়েছে। দাম কেজিপ্রতি ৪০ থেকে কমে ৩৫-৩৬ টাকায় নেমেছে। পেঁয়াজের দাম আরো কমে ২০-২২ টাকায় নামবে বলে তারা জানিয়েছেন।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় আমদানির পরিমাণ কিছুটা বেড়েছে। গত শনিবার বন্দর দিয়ে ২৪টি ট্রাকে ৬৮৯ টন পেঁয়াজ আমদানি হয়। রোববার বন্দর দিয়ে ২৫ ট্রাকে ৪৮৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।