কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস ও অটোমেশনের বিকাশে কর্মক্ষেত্রের ধরন ও দক্ষতার চাহিদা পরিবর্তিত হচ্ছে। এ পরিস্থিতিতে উচ্চ শিক্ষায় প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার ওপর গুরুত্ব দেয়ার কথা বলেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষকরা।

‘কোয়ালিটি অ্যাসুরেন্স থেকে একাডেমিক এক্সিলেন্স’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে ‘পঞ্চম শিল্প বিপ্লব ও উচ্চ শিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ও আইকিউএসি সেলের পরিচালক অধ্যাপক ড. শহীদুল ইসলাম খান বলেন, ‘পঞ্চম শিল্প বিপ্লবের প্রভাবে উচ্চ শিক্ষায় নতুন ধরনের দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুতি নিতে হবে।’

বক্তারা বলেন, এআই, রোবোটিকস ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ায় প্রচলিত কর্মপদ্ধতিতে পরিবর্তন আসছে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সৃজনশীলতা, সমস্যা সমাধান ও নৈতিক মূল্যবোধের বিকাশে গুরুত্ব দিতে হবে।

সেমিনারে উচ্চ শিক্ষার মান নিশ্চিতকরণ নিয়েও আলোচনা হয়। মান নিশ্চিতকরণ শুধু মূল্যায়ন বা আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, পরীক্ষা, ভর্তি, প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনায় ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে নিতে হবে বলে মন্তব্য করেন তারা।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শহীদুল ইসলাম খান। শিক্ষকতাকে পেশা হিসেবে গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় ব্যবস্থার পরিবর্তন, পরীক্ষা ও ভর্তি ব্যবস্থাপনা, শিক্ষকের গুণাবলি এবং মানবসম্পদ নীতি নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় আরো বক্তব্য দেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহেদুর রহমান, রেজিস্ট্রার মো. সাকির হোসেন, ইংরেজি বিভাগের প্রধান নাজলা ফাতমি এবং মানবসম্পদ বিভাগের প্রধান একেএম জিয়াউল আমিন। সেমিনারের শেষ পর্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।