বিদ্যুৎ রেশনিংয়ের কারণে চীনে তামার আমদানি চাহিদা বেড়েছে। ঊর্ধ্বমুখী চাহিদার মধ্যেই দাম কম থাকায় ধাতুটির আমদানি বাড়িয়েছে চীন। এছাড়া নিম্নমুখী মজুদও আমদানি বাড়াতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার।
চীনের শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, আগস্টে চীনের তামা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়েছে। এ সময় অ্যানোড, অ্যালয়, আধা পরিশোধিতসহ সব ধরনের তামা আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ১৮৮ দশমিক ৬০ টনে। গত বছরের একই সময় আমদানি করা হয়েছিল ৩ লাখ ৯৪ হাজার ১৭ দশমিক ১০ টন। অন্যদিকে, এক মাসের ব্যবধানে চীনের তামার আমদানি ৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। জুলাইয়ে আমদানির পরিমাণ ছিল ৪ লাখ ৬৩ হাজার ৬৯৩ দশমিক ৩ টন।
বাজারসংশ্লিষ্টরা জানান, এ বছরের জুলাই ও আগস্টে আন্তর্জাতিক বাজারে তামার দাম ব্যাপক কমেছে। এ কারণে উৎপাদকদের মাঝে ধাতুটি কেনার আগ্রহ বেড়েছে।
আগস্টের সর্বশেষ কার্যদিবসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম ছিল টনপ্রতি ৭ হাজার ৮০১ ডলার ৫০ সেন্ট, যা ১৫ জুলাইয়ের পর সর্বনিম্ন। ওইদিন ধাতুটির দাম কমে ২০ মাসের সর্বনিম্নে নেমেছিল। এছাড়া চলতি বছরের শুরুর তুলনায় তামার দাম এখনো ১৯ দশমিক ৭ শতাংশ নিচে অবস্থান করছে।
সিআইইউ গ্রুপের তামার বাজার বিশ্লেষক হি তিয়ানু বলেন, তামার নিম্নমুখী দামের কারণে জুলাই ও আগস্টে ধাতুটির ক্রয় লক্ষণীয় মাত্রায় বাড়ে। অন্যদিকে, লন্ডন ও সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে কার্গো প্রবাহও বেড়েছে।
এদিকে শুধু দাম কমার কারণেই নয়, বরং স্থানীয় বাজারে সরবরাহ সংকটের কারণেও আমদানি বাড়ানো হয়েছে। ১৯ আগস্ট সাংহাই ফিউচারস এক্সচেঞ্জের গুদামগুলোয় তামার মজুদ কমে সাত মাসের সর্বনিম্নে নামে। মজুদের পরিমাণ ছিল ৩১ হাজার ২০৫ টন।
জানা গিয়েছে, সম্প্রতি দাবদাহের কারণে চীনে বিদ্যুৎ ব্যবহার বেড়েছে। এ পরিস্থিতিতে শিল্প খাতের ব্যবহারকারীদের জন্য বিদ্যুৎ রেশনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে উৎপাদকরা। চীনের অ্যানহুই ও জিংঝিয়াং প্রদেশে উৎপাদন ব্যাপক হারে কমেছে। আর উৎপাদন ঘাটতির কারণেই মজুদ সংকট দেখা দিয়েছে।
এদিকে সরবরাহ জটিলতা সত্ত্বেও আগস্টে নিম্নমুখী চাপের মধ্যে ছিল তামার বাজার। প্রপার্টি খাতে বিপর্যয়ের কারণে নেতিবাচক প্রভাব ছিল চাহিদায়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মুদ্রানীতিও দামের নিম্নমুখী প্রভাব ফেলেছে।
চলতি বছরের প্রথম আট মাসে চীন সব মিলিয়ে ৩৯ লাখ টন তামা আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৮ দশমিক ১ শতাংশ বেড়েছে।










