শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও মহাকাশ সংস্থাগুলো ২০২৩ সালে বিনিয়োগকারীদের নজর কেড়েছে। বছরটিতে নতুন প্রকল্প, নানা চুক্তি ও নতুন অর্ডার বাড়ায় এ খাতের শেয়ার মূল্য ছিল ঊর্ধ্বমুখী। খবর আনাদোলু নিউজ এজেন্সি।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বিশ্ব বাজারে নেতিবাচক প্রভাব ফেললেও প্রতিরক্ষা শিল্পের শেয়ারদর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তথ্যমতে, জেনারেল ডাইনামিকসের শেয়ার বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ ও বোয়িংয়ের শেয়ার বেড়েছে ৩৬ দশমিক ৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানি জেনারেল ডাইনামিকসের সিফোরআইএসআর যুদ্ধ ব্যবস্থাপনা সিস্টেমের জন্য ১৩০ কোটি ডলারের চুক্তি করেছে কানাডিয়ান সশস্ত্র বাহিনী। এর প্রভাবে মার্কিন কোম্পানিটির শেয়ারপ্রতি প্রত্যাশার চেয়েও বেশি ৩ ডলার শূন্য ৪ সেন্ট আয় হয়েছে। ইন্দোনেশিয়া ২০২৩ সালে ২৪টি এফ-১৫ইএক্স মাল্টিরোল ফাইটার জেট কেনার জন্য মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে সমঝোতা স্মারক করেছে।

গত বছর জাপান, ব্রিটিশ ও ইতালির প্রতিরক্ষা মন্ত্রীরা ২০৩৫ সাল পর্যন্ত যৌথ ফাইটার জেট উন্নয়ন প্রকল্পের জন্য একটি সমন্বয় বোর্ড গঠন করতে সম্মত হয়েছেন। তারা বোর্ডে জাপানি প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি, ব্রিটিশ প্রতিরক্ষা সংস্থা বিএই সিস্টেমস ও ইতালীয় শিল্প গ্রুপ লিওনার্দো এসপিএর প্রধান বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে রাজি হয়েছেন।

কোম্পানির জন্য ১৫৫ মিমি আর্টিলারি শেল ও গোলাবারুদ সরবরাহ করার লক্ষ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিএই সিস্টেমস ২০২৩ সালে ৩৬ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তি করেছে। বিএই সিস্টেমস মার্কিন নৌবাহিনীর জন্য একটি উভচর যুদ্ধযানের (এসিভি) নকশা করতে ইতালীয় কোম্পানি আইভিইসিও ডিফেন্স ভেহিকেলসের সঙ্গে সহযোগিতা করেছে।

এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডাসাল্ট এভিয়েশন ও থ্যালেসের শেয়ার যথাক্রমে ১৩ দশমিক ৩ শতাংশ ও ১২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ইতালীয় শিল্প গ্রুপ লিওনার্দো এসপিএর শেয়ার ৮৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে এবং এয়ারবাস বেড়েছে ২৫ দশমিক ৯ শতাংশ। এশিয়ান কোম্পানিগুলোর মধ্যে শেয়ার বাজারে হানওয়া অ্যারোস্পেস ৬৯ দশমিক ২ শতাংশ ও মিতসুবিশি হেভির মূল্য ৫৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

তবে মার্কিন ও চীনা কিছু কোম্পানির চিত্র ছিল ভিন্ন। ২০২৩ সালে আমেরিকান বহুজাতিক মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা আরটিএস করপোরেশনের শেয়ার ১৬ দশমিক ৬ শতাংশ, মার্কিন অস্ত্র প্রস্তুতকারক লকহিড মার্টিন ৬ দশমিক ৮ ও প্রতিরক্ষা ঠিকাদার নর্থরপ গ্রুম্যানের শেয়ার ১৪ দশমিক ২ শতাংশ কমেছে। একই সময়ে মহাকাশ প্রোগ্রাম ঠিকাদার চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের (সিএএসসি) শেয়ারও কমেছে ২৫ শতাংশ। খরচ সম্পর্কিত সমস্যাসহ বিনিয়োগকারীদের সন্তুষ্ট করতে ব্যর্থ হওয়ায় এসব কোম্পানির শেয়ার কমার ঘটনায় প্রভাবক হিসেবে কাজ করেছে।

অন্যদিকে গত বছর উল্লেখযোগ্য আয় করা কোম্পানির মধ্যে ফরাসি সামরিক বিমান নির্মাতা ডাসাল্ট এভিয়েশন অন্যতম। কোম্পানিটি জানিয়েছে, এখন তারা অগ্রাধিকারভিত্তিতে নতুন অর্ডার আসা রাফালে যুদ্ধবিমান তৈরি করবে। গত বছর তারা ২৪টি নতুন অর্ডার পেয়েছে। 

এছাড়া ভারত ২৬টি ও ইন্দোনেশিয়া ৪২টি রাফালে যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে।

ফরাসি প্রতিরক্ষা ইলেকট্রনিকস নির্মাতা থ্যালেসের কাছ থেকে ইরাক একটি সি৪আই সিস্টেম ও গ্রাউন্ড মাস্টার ৪০০ টাইপ রাডার সমন্বিত একটি ডেটা শেয়ারিং নেটওয়ার্ক কেনার প্রস্তুতি নিয়েছে। ফলে ফরাসি প্রতিরক্ষা ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ার দরে ইতিবাচক প্রভাব পড়েছে।

এ ছাড়া গত বছর থ্যালেস মালয়েশিয়ার বিমান বাহিনীর সঙ্গেও কাজ করার চুক্তি করেছে। ফ্রান্স ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্সকে স্টেশন অবকাঠামোসহ নতুন জিএম৪০০এ মডেলের দীর্ঘপাল্লার রাডার সরবরাহ করার কথা রয়েছে।

এদিকে চীনের হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চল ক্যাথে প্যাসিফিক ২০২৩ সালে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসকে ৩২টি ক্রয়াদেশ দিয়েছে। একই বছর জার্মান সেনাবাহিনী (বুন্ডেসওয়েহর) এইচ১৪৫এম মাল্টি-রোল মডেলের ৮২টি হেলিকপ্টার কেনার জন্য এয়ারবাসের সঙ্গে চুক্তি করেছে।