উত্তর আমেরিকার ব্যবসা পুরোপুরি আলাদা করল সিমেস্ট জায়ান্ট হোলসিম। এখন থেকে আমরাইজ নামের পৃথক কোম্পানির মাধ্যমে মহাদেশটিতে হোলসিমের ব্যবসা পরিচালিত হবে। গতকাল জুরিখ ও নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে এ স্পিন-অফ কোম্পানির লেনদেন শুরু হয়েছে। খবর রয়টার্স।

সুইজারল্যান্ডভিত্তিক এ সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, উত্তর আমেরিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলের ভিন্ন বাজার বাস্তবতা বিবেচনায় রেখে তারা এ পদক্ষেপ নিয়েছে।

শতভাগ স্পিন-অফ প্রক্রিয়ায় হোলসিমের প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা একটি করে আমরাইজের শেয়ার পেয়েছেন বলে জানিয়েছে কোম্পানিটি।

আরো বলা হচ্ছে, হোলসিম ভবিষ্যতে ইউরোপ, লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া ও উত্তর আফ্রিকায় কার্যক্রমে মনোযোগ দেবে। অন্যদিকে আমরাইজ যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যবসা পরিচালনা করবে।

হোলসিমের প্রধান নির্বাহী মিলজান গুটোভিচ বলেন, ‘এটি হোলসিম ও আমরাইজের জন্য এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত। কারণ আমরা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে একটি নতুন অধ্যায় শুরু করছি।’

গত মার্চে হোলসিম ঘোষণা করে, স্পিন-অফের পর নতুন কৌশলের আওতায় তারা ২০৩০ সালের মধ্যে সুদ ও কর-পূর্ব আয়ের (ইবিআইটি) গড় বছরে ৬-১০ শতাংশ হারে বৃদ্ধির লক্ষ্য নিয়েছে। অধিগ্রহণ ও একীভূতকরণের মাধ্যমে এ প্রবৃদ্ধির একটি বড় অংশ আসবে।

২০২৪ সালে উত্তর আমেরিকায় ১ হাজার ১৭০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে হোলসিম। নতুন কোম্পানির লক্ষ্য হলো প্রতি বছর ৫-৮ শতাংশ হারে বিক্রি বাড়ানো। এছাড়া চলতি বছর থেকে ২০২৮ সালের মধ্যে পরিচালন মুনাফা ৮-১১ শতাংশ পর্যন্ত বাড়ানোর লক্ষ্য রয়েছে কোম্পানিটির। গত বছর পরিচালন মুনাফা ছিল ৩২০ কোটি ডলার।