সিঙ্গাপুরে মে মাসে টানা অষ্টম মাসের মতো রফতানি কমেছে ইলেকট্রনিক ও ইলেকট্রনিকবহির্ভূত পণ্যের। বৈশ্বিক অর্থনীতির মন্দাবস্থা ও চাহিদা কমে যাওয়া একটা বড় কারণ। বিশেষ করে ইন্টিগ্রেটেড সার্কিট, ডিস্ক মিডিয়া পণ্য ও অন্যান্য পণ্যের চাহিদা কমে যাওয়ার প্রভাব সার্বিকভাবে রফতানির ওপর পড়েছে। মে মাসে তেলবহির্ভূত পণ্যের রফতানি সংকোচন হয়েছে ১৪ দশমিক ৭ শতাংশ, যা ব্লুমবার্গের পূর্বাভাস থেকেও নেতিবাচক। ব্লুমবার্গের জরিপে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ৭ দশমিক ৭ শতাংশ সংকোচনের।
স্ট্রেইট টাইমসে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, মে মাসে সংকোচন সূচক এপ্রিলের সংকোচন সূচকের চেয়েও নেতিবাচক। এপ্রিলে রফতানি সংকোচন ছিল ৯ দশমিক ৮ শতাংশ। তেলবহির্ভূত ইলেকট্রনিক সামগ্রীর চালান গত বছরের মে মাসের তুলনায় ২৭ দশমিক ২ শতাংশ কমেছে, এপ্রিলে হ্রাসের হার ছিল ২৩ দশমিক ৩ শতাংশ।
রফতানির পতনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড সার্কিট, ডিস্ক মিডিয়া পণ্য ও ইন্টিগ্রেটেড সার্কিটের ক্ষুদ্রাংশ সর্বাধিক দায়ী, এ খাতে রফতানি সংকুচিত হয়েছে ৪৮ দশমিক ৭ শতাংশ। তেল ও ইলেকট্রনিকস খাত ব্যতীত অন্যান্য পণ্যের রফতানি মে মাসে ১০ দশমিক ৭ শতাংশ ও এপ্রিলে ৫ দশমিক ৮ শতাংশ কমেছে। পতনের শীর্ষে ছিল বিশেষ যন্ত্রপাতি, পেট্রলজাত রাসায়নিক পদার্থ ও ফার্মাসিউটিক্যালস।










