আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে সয়াবিনের দাম। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো তেলবীজটির দাম বাড়ল। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সয়াবিনের উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানায়, শুষ্ক আবহাওয়ায় দেশটিতে সয়াবিনের আবাদ কমে গেছে। ফলে উৎপাদনও লক্ষণীয় মাত্রায় কমতে পারে। এছাড়া অন্যান্য শীর্ষ দেশগুলোয়ও উৎপাদন কমার আশঙ্কা দেখা দিয়েছে।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গতকাল সয়াবিনের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি বুশেল লেনদেন হয়েছে ১৩ ডলার ৭৫ সেন্টে। কার্যদিবসের শুরুতে তেলবীজটির দাম ১৩ ডলার ৭৬ সেন্টে পৌঁছেছিল, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

এদিকে কৃষ্ণসাগরীয় বন্দর দিয়ে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বেড়েছে গমের দামও। ইউক্রেনের ওডিসা বন্দরে রাশিয়ার ড্রোন বোমা হামলার কারণে শস্যটির সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে গমের দাম দশমিক ২ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ৬ ডলার ৬১ সেন্টে লেনদেন হয়েছে। অন্যদিকে ভুট্টার দাম দশমিক ৮ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ৫ ডলার ৫ সেন্টে ঠেকেছে।