চীন-মালয়েশিয়ার মালিকানাধীন ভারনন অ্যান্ড অলিভার ফার্নিচার কোম্পানি লিমিটেড ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ম্যাট্রেস কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল ঢাকায় বেপজা কমপ্লেক্সে বেপজা ও ভারনন অ্যান্ড অলিভার ফার্নিচার কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ভারনন অ্যান্ড অলিভার ফার্নিচার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লি ওয়াই ছং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বেপজাধীন ইপিজেডগুলো ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে ম্যাট্রেস তৈরির এটিই হবে প্রথম কারখানা। বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ গন্তব্য হিসেবে বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বেছে নেয়ায় এ কোম্পানিকে ধন্যবাদ জানান এবং তাদের সাফল্য কামনা করেন।

এ প্রতিষ্ঠানটি বার্ষিক ১ লাখ ৮০ হাজার পিস স্প্রিং ম্যাট্রেস এবং ফোম ম্যাট্রেস উৎপাদন করবে। কারখানাটিতে ৬০০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

পোশাক শিল্পের ওপর একক নির্ভরশীলতা কমিয়ে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের জন্য বেপজা বিনিয়োগকারীদের উৎসাহিত করে। চুক্তি স্বাক্ষরকৃত এ প্রতিষ্ঠানসহ ২৪টি প্রতিষ্ঠানকে অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের অনুমতি দিল বেপজা, যাদের অধিকাংশই বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করবে। প্রতিষ্ঠানগুলোর মোট প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫১ কোটি ২ লাখ ডলার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।