হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে ঢাকায় আসা সাত যাত্রীর ব্যাগে পাওয়া গেছে সাড়ে ৩৮ লিটার বিদেশী মদ। এর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করা হয়। ওই ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে বিদেশী মদ থাকার তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন যাত্রীদের ওপর নজর রাখেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
ফ্লাইটটি গত ৮ সেপ্টেম্বর আনুমানিক পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় তাদের ওপর নজরদারি করা হয়। পরে একে একে তাদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় সাত যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ পাওয়া যায়।
তল্লাশিতে আজমুল হক নামে এক যাত্রীর ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার বিদেশী মদ পাওয়া যায়। এ ছাড়া মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩.৫০ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে ৩.৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশী মদ জব্দ করা হয়।
সব মিলিয়ে সাত যাত্রীর কাছ থেকে ৩৮.৫০ লিটার বিদেশী মদ জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
এনবিআর বলছে, একই ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগে বিপুল পরিমাণ বিদেশী মদ পাওয়ার বিষয়টি কেবল ব্যক্তিগতভাবে বহনের ঘটনা, নাকি এর পেছনে সমন্বিত কোনো পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হবে।










