সীমান্ত ব্যাংক পিএলসির ২৯তম শাখা হিসেবে চট্টগ্রামের জুবলী রোড এলাকায় এসএ টাওয়ারে (দ্বিতীয় তলা) নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল বন্দরনগরীর লাভ লেনের স্মরণিকা কমিউনিটি সেন্টারে বেলুন উড়িয়ে এ উপশাখার উদ্বোধন করেন সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এ সময় ব্যাংকের এমডি ও সিইও রফিকুল ইসলাম, পিএইচপি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমানসহ সীমান্ত ব্যাংক ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান ও বিজিবির মহাপরিচালক বলেন, ‘সীমান্ত ব্যাংক হলো ছোট পরিবার ও সুখী পরিবারের মতো। আমরা এ ব্যাংকটিকে আস্তে আস্তে বড় পর্যায়ে নিয়ে যেতে চাই। বিজিবির মালিকানাধীন ব্যাংক হলেও অন্যান্য ব্যাংকের মতো এ সীমান্ত ব্যাংকে সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চলছে।’ 

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘আমরা চাইব আমাদের গ্রাহক বাড়বে এবং ব্যাংকটির পরিধিও সামনে বিস্তৃত হবে।’

বর্তমানে দেশে সীমান্ত ব্যাংকের ২৪টি শাখা ও পাঁচটি উপশাখা নিয়ে মোট ২৯টি শাখা রয়েছে।