চলতি বছরের প্রথমার্ধে চীনে স্বর্ণের ব্যবহার গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশেরও বেশি বেড়েছে। ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৪ দশমিক ৮৮ টনে। এ সময় মূল্যবান ধাতুটির উত্তোলন ২ দশমিক ২৪ শতাংশ বেড়ে ১৭৮ দশমিক ৫৯৮ টনে উন্নীত হয়েছে। চীনের গোল্ড অ্যাসোসিয়েশন সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
চীন বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী। দেশটিতে চলতি বছরের প্রথমার্ধে স্বর্ণালংকার ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৮ দশমিক ২৬ টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি। ব্যবহারের পরিমাণ থেকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের জন্য কেনা স্বর্ণ বাদ দেয়া হয়েছে।
গোল্ড অ্যাসোসিয়েশন জানায়, চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কভিড-১৯ মহামারীর ধাক্কা সামলে দেশটির অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠেছে। এ কারণে স্বর্ণের ব্যবহারও দ্রুত বাড়তে শুরু করেছে।
সংশ্লিষ্ট কোম্পানিগুলো বছরের প্রথমার্ধে স্বাভাবিক মাত্রায় স্বর্ণ উত্তোলন করেছে। স্থানীয় একটি গণমাধ্যমকে গোল্ড অ্যাসোসিয়েশন জানায়, বড় প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে একীভূতকরণ ও অধিগ্রহণ নিয়ে প্রচারণা চালাচ্ছে, যা আরো ভালো মানের স্বর্ণের উৎস খুঁজে পেতে সহায়তা করছে।










