ফিলিস্তিনের গাজার দক্ষিণে মানবিক সহায়তা
পেতে জড়ো হওয়া শরণার্থীদের ওপর নির্বিচার গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)।
এতে প্রাণ হারিয়েছেন ১০৪ জন। এছাড়া আহত হয়েছেন ৭৬০ শরণার্থী। গতকাল বৃহস্পতিবার (২৯
ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গণমাধ্যমটি
জানিয়েছে, গাজার দক্ষিণের শহর দোয়ার আল-নাবলুসির কাছে ত্রাণ সহায়তা পেতে আসা কয়েকশ
নিরীহ শরণার্থী ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় আইডিএফ। এতে ওই হতাহতের ঘটনা ঘটেছে।
এই হামলাকে বর্বর এবং ভয়বহ হত্যাকণ্ড
বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যম। সেখানের গণমাধ্যমগুলো ইসরায়েলির
বাহিনীর ওপর গণহত্যার অভিযোগ এনে বলেছে, আইডিএফ খাবারের জন্য অপেক্ষমান নিরীহ মানুষের
ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকালের হত্যকাণ্ডকে
পূর্বপরিকল্পিত বলেও উল্লেখ করা হয়েছে।
তবে ইসরায়েলি বাহিনী এই হত্যাকাণ্ডের
দায় স্বীকার করেনি। তাদের দাবি ত্রাণবাহী ট্রাকের চাপায় এই হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া
নিহতের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা মানতেও নারাজ তেল আবিবের এই বাহিনী।










